ফের মারাত্মক ভুল NTA-র! নাগপুরের ছাত্রকে আবুধাবিতে পাঠাল Re-NEET পরীক্ষায়

সৌভিক মুখার্জী, কলকাতা: নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক নিয়ে তোলপাড় গোটা দেশ। আগামী ২১ জুন পুনরায় পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ (Re-Neet Exam 2026) করা হয়েছে। তবে জানলে অবাক হবেন, নাগপুরের এক পরীক্ষার্থীকে এবার পরীক্ষা কেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি ভারতীয় স্কুলকে বরাদ্দ করা হল। হ্যাঁ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি কর্তৃক ইস্যু হওয়া এডমিটে এমনটাই উল্লেখ রয়েছে। যদিও সেই ভুল ইতিমধ্যে স্বীকার করেছে এনটিএ (National Testing Agency)।

নিট পরীক্ষার এডমিটে বড়সড় ত্রুটি

প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ওই ছাত্রের নাম আব্দুল্লাহ তালিব। তিনি নাগপুরের বাসিন্দা। সেখান থেকেই আবেদন করেছিলেন। দেশের মধ্যেই একটি কেন্দ্র পাওয়ার ক্ষেত্রে আশাবাদী ছিলেন ওই ছাত্র। তবে যখন তিনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করেন তখন দেখেন যে তাঁর পরীক্ষা কেন্দ্র হিসেবে ভারতের পরিবর্তে লেখা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। আর সেখানে একটি ভারতীয় স্কুলের নাম উল্লেখ করা হয়। তবে বড় ব্যাপার, যেহেতু তাঁর কাছে কোনও পাসপোর্ট ছিল না, তাই চিন্তার ভাঁজ পড়ে ওই ছাত্রের কপালে।

সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া সাক্ষাৎকরে ওই ছাত্রের বাবা মহম্মদ তালিব বলেন, গতকাল বিকেল চারটায় এডমিট কার্ড ডাউনলোড করার পর দেখি যে পরীক্ষা কেন্দ্র হিসেবে আবুধাবির একটি স্কুলের নাম লেখা রয়েছে। আমরা তো পুরো অবাক হয়ে যাই। কারণ, আমরা আমাদের পছন্দের তালিকায় এরকম কোনও বিকল্পই রাখিনি। আমরা সঙ্গে সঙ্গে হেল্পলাইন নম্বরে ফোন করি এবং আমাদের একটি ইমেইল পাঠাতে বলে। তারপর আমাদেরকে বলা হয় যে শনিবার বিকেল চারটের মধ্যেই নতুন এডমিট কার্ড দেওয়া হবে। আমরা বিকল্প হিসেবে তিনটি জেলা বেছে নিয়েছিলাম। তবে আমরা দাবি করছি যে নাগপুরকেই কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হোক। কারণ, সে এখন মানসিকভাবে বিপর্যস্ত। অন্য কোনও জেলায় যাওয়ার পরিস্থিতি তাঁর নেই।

আরও পড়ুন: হিজাব না পরে কনসার্ট করার অভিযোগ, ইরানি গায়িকা পরস্তূ আহমেদিকে বিরাট শাস্তি দিল আদালত

যদিও বিষয়টি প্রকাশ্যে আসার পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের ভুল স্বীকার করেছে। প্রতিবেদন অনুযায়ী, তারা এটিকে কারিগরি ত্রুটির কারণ হিসেবে উল্লেখ করে। এমনকি সংস্থাটি পরীক্ষার্থীর পরিবারকে আশ্বাস দেয় যে অবিলম্বে সেটিকে সংশোধন করা হবে। এমনকি তাঁকে সঠিক পরীক্ষা কেন্দ্রসহ একটি নতুন এবং সংশোধিত প্রবেশপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী ২১ জুন পুনরায় নিট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর দু’টো থেকেই শুরু হবে পরীক্ষা এবং বিকেল ৫:১৫ পর্যন্ত লিখিত পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a Comment