সহেলি মিত্র, কলকাতাঃ নিম্নচাপ এবং একাধিক ঘূর্ণাবর্তের দরুণ বাংলায় শুরু হয়েছে দুর্যোগ। ব্যাপক বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের ওপর অতি সক্রিয় হয়ে রয়েছে। যে কারণে ব্যাপক ঝড় বৃষ্টি চলছে। আজ বুধবারেও যার ব্যতিক্রম ঘটবে না। জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ বুধবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষি ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। এছাড়াও, হাওড়া, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে বলে খবর।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর অবস্থান করছে। এটি আবার দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এর ফলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম বাংলাদেশ উপকূলের ওপর একটি নিম্নচাপ অঞ্চল গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে মৌসুমি অক্ষরেখা বর্তমানে জম্মু, দেরাদুন, বারাবাঙ্কি, পাটনা, বাঁকুড়া ও ক্যানিং হয়ে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে পূর্ব ও মধ্য বঙ্গোপয়াগরের দিকে বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, একাধিক আবহাওয়া সিস্টেমের দরুণ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। শুক্রবার থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে খবর।
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবার থেকে আরও ব্যাপক বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এছাড়া ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া পুরুলিয়া, হাওড়া, কলকাতা, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়।