বদলে যাবে বাংলার ৬টি গুরুত্বপূর্ণ সড়কের চিত্র, হাজার কোটির উপর প্রকল্পের অনুমোদন কেন্দ্রের

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যের সড়ক ও পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করে চলেছে। ইতিমধ্যেই একাধিক সড়ক প্রকল্প (Road Projects) অনুমোদনের ঘোষণা সামনে এসেছে। মঙ্গলবার আবার কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari) ঘোষণা করেছেন যে, পশ্চিমবঙ্গের ১৯৪.১০ কিলোমিটার দীর্ঘ ৬টি সড়ক প্রকল্পের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ১,০৪২.৬২ কোটি টাকা অনুমোদন করেছে। 

পশ্চিমবঙ্গের আরও ৬টি সড়কের উন্নতির জন্য অর্থ অনুমোদন করলো কেন্দ্র

মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে ‘সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড’ (CRIF) প্রকল্পের আওতায় ১৯৪.১০ কিলোমিটার দীর্ঘ ৬টি সড়ক প্রকল্পের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের জন্য ১,০৪২.৬২ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। 

তিনি পোস্টে এও বলেন যে, এই প্রকল্পগুলি সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটাবে। কমবে যাতায়াতের সময়, বাড়বে নিরাপত্তা। এই ৬টি সড়ক প্রকল্প প্রধান বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে যাতায়াত করা আরও সহজ করে তুলবে। পাশাপাশি, এগুলি আঞ্চলিক বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করবে, ‘লাস্ট-মাইল কানেক্টিভিটি’ (Last-Mile Connectivity) বা প্রান্তিক সংযোগও উন্নত করবে এবং পশ্চিমবঙ্গ জুড়ে অর্থনৈতিক কর্মকান্ড, পর্যটন এবং সামগ্রিক উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে।

আরও পড়ুন: সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক! আসছে নতুন নিয়ম

জানিয়ে রাখি, সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (CRIF) হল একটি কেন্দ্রীয় তহবিল, যা মূলত সড়ক, সেতু, গণপরিবহন, রেলপথ, নগর, অভ্যন্তরীণ জলপথ ও বন্দরের মতো পরিকাঠামোর উন্নতির জন্য ফান্ডিং করে। এই তহবিলের উদ্দেশ্য হল সংকীর্ণ সড়ক প্রশস্ত করা, কাঁচা বা দুর্বল রাস্তাগুলি শক্তিশালী করা এবং সেতু বা আন্ডারপাস নির্মাণের মতো রাজ্য-স্তরে থাকা ত্রুটি পূরণের জন্য প্রস্তাবিত প্রকল্পগুলিকে সহায়তা করা। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হয়, যাতায়াতের সময় কমে ও নিরাপত্তা বাড়ে।

Leave a Comment