প্রীতি পোদ্দার, কলকাতা: অনেকেরই ঘর গোছানোর (Home Decor Tips) শখ থাকে। আর ঘরের সৌন্দর্য বাড়াতে কম বেশি সকলেই কাঠের তৈরি আসবাব দিয়ে ঘর গোছায়। কিন্তু বর্ষাকাল (Monsoon) আসলেই শুরু হয় মূল সমস্যা। কারণ এই সময় যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাই কাঠের আসবাবের গায়ে ছত্রাকের উপদ্রব বেড়ে যায়। তাই বর্ষায় কাঠের আসবাবের (Wooden Furniture) বাড়তি যত্ন নেওয়া জরুরি। কিন্তু কী উপায়ে এই যত্ন করা হবে, সেই নিয়ে অনেকেরই কোনো সঠিক ধারণা নেই। তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
নিয়মিত পরিষ্কার
কাঠের আসবাবপত্র ভাল রাখার জন্য নিয়মিত পরিষ্কার ও পলিশ করানো প্রয়োজন। কারণ এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, সঙ্গে ধুলোও মিশে থাকে যার ফলে কাঠে দাগ পড়ে যায়। তাই সেই জন্য পাতলা কাপড় দিয়ে ধুলো পরিষ্কার করে নিতে হবে, তবে অবশ্যই সেই কাপড় যেন শুকনো হয়। এবং পলিশ ব্যবহার করলে চকচকে হবে আসবাব, সুরক্ষিতও থাকবে।
বাড়ির আর্দ্রতা নিয়ন্ত্রণ
বাড়ির বাড়তি আর্দ্রতা থেকে রক্ষা পেতে বাড়িতে ডি-হিউমিডিফাই করানো প্রয়োজন। আসলে এটি ন্যাপথলিন জাতীয় আর্দ্রতা শোষণকারী পদার্থ। এটি ব্যবহার করলে উই পোকার হাত থেকে রক্ষা করা যায় কাঠের আসবাবগুলি। এছাড়াও কাঠের আসবাব ভালো রাখতে নিম পাতা বা লবঙ্গও ব্যবহার করা যায়।
মাটির সংস্পর্শে না থাকলেই মঙ্গল
স্যাঁতস্যাঁতে আবহাওয়া থেকে কাঠের জিনিসগুলি বাঁচাতে হলে আসবাবগুলির পায়াগুলির নিচে ধাতব কিছু রেখে দেওয়া ভালো। এর ফলে কাঠের আসবাব সরাসরি মাটি ছুঁয়ে থাকতে পারবে না। আসলে মাটির সংস্পর্শে থাকলে সেখান থেকে বাষ্প উপরে উঠে আসে আর কাঠের গায়ে ছাতা ধরে যায়।
আরও পড়ুন: শ্রাবণ মাসে কোন গাছ লাগানো শুভ? জেনে নিন বিস্তারিত
অতিরিক্ত তার্পিন তেল নয়
কাঠের আসবাব বেশিরভাগ ক্ষেত্রে তার্পিন তেল দিয়ে পরিষ্কার করে থাকে কম বেশি। তবে বর্ষায় বেশি এই তেল ব্যবহার না করায় ভালো। তাতে উল্টে ক্ষতি হয় কাঠের। আর এই ধরনের সমস্যা আটকাতে ব্যবহার করা যেতে পারে স্প্রে মোম।