বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার কঠোর হল ভারত (India On Bangladesh)। শেখ হাসিনার পতনের পর সম্প্রতি নতুন করে ভারতের সাথে 101টি চুক্তি পর্যালোচনা করা হবে বলেই জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের (Bangladesh) জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেছিলেন, এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলি পর্যালোচনা করে খুব শীঘ্রই তার ফলাফল জানানো হবে। এবার তা নিয়েই প্রতিবেশী দেশটিকে সতর্ক করল ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দেওয়া হল কড়া বার্তা। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলে দিলেন, “এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ভারত!”
বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত?
গত সপ্তাহে বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপ খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশের পূর্বতন সরকারের আমলে ভারতের সাথে যেসব সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই 101টি চুক্তি নতুন করে পর্যালোচনা করছে তারেক রহমানের সরকার। গতকাল অর্থাৎ শুক্রবার, সাংবাদিক সম্মেলনে এ নিয়েই প্রশ্ন করা হয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বাবুকে। আর তার জবাবেই একেবারে কড়া মন্তব্য করেন তিনি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানান, বাংলাদেশ সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ নিয়ে ভারতকে কিছু জানায়নি। তবে সত্যিই যদি বাংলাদেশ এই ধরনের পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “আমরা এই বিষয়ে সংবাদমাধ্যমে কিছু খবর দেখেছি। তবে বাংলাদেশ সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এমন কিছু জানানো হয়নি এখনও। ভারত অবশ্যই নিজস্ব স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
Journalist: Bangladesh says it is reviewing 100 agreements signed with India under the previous government
MEA: Obviously, India will take all necessary actions protect its interests. But nothing has been communicated to us officially on this. pic.twitter.com/KaATIHTGfK
— Shashank Mattoo (@MattooShashank) September 18, 2026
আরও পড়ুন: ডেকে নিয়েও খেলতে নামল না চিন, এশিয়ান গেমসে ‘অপমানিত’ বাংলাদেশ
উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে চট্টগ্রাম, মোংলা বন্দর ব্যবহার থেকে শুরু করে দু দেশের যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য একাধিক ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দুদেশের মধ্যে। পরবর্তীতে ভারতের তরফে ওপার বাংলায় 7 বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়। এবার ভারতের সাথে স্বাক্ষরিত সেই সব চুক্তি নতুন করে পর্যালোচনা করছে ওপারের সরকার।