অনন্যা সরকার, কলকাতা: গত মে মাসে পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন এরাজ্যে চালু হবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প। পূর্বতন সরকারের আমলে চালু করা স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) প্রকল্পটি বন্ধ করে দেওয়া হবে। যতদিন না আয়ুষ্মান ভারত পুরোপুরি ভাবে কার্যকর হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন রাজ্যবাসীরা। যদিও প্রকল্প বাতিলের ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, এবার স্বাস্থ্যভবন থেকে সরছে ‘স্বাস্থ্য সাথী বিল্ডিং’-ও। ভবনটির নাম পরিবর্তন করে ‘স্বাস্থ্য ভবন ব্লক ২’ করার ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড।
স্বাস্থ্যসাথী বিল্ডিংয়ের নাম বদলের ঘোষণা
ভারতের একাধিক রাজ্যে যখন কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে, তখন বিপরীত পথে হেঁটে তৃণমূল সরকার বাংলায় সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প, স্বাস্থ্য সাথীর সূচনা করে। ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগটি নিয়ে কাজ শুরু করেন। এই প্রকল্পটির মাধ্যমে প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়। তবে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সেই প্রকল্প এখনো পুরোপুরি ভাবে বন্ধ করে না দিলেও বাতিলের ঘোষণা ইতিমধ্যেই করেছে।
বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে জুড়েছে বাংলা। গত ১৬ অগাস্ট রাজ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এই প্রকল্পের। প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবারকে এর আওতায় আনা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অধীনে আসবে ৮০ লক্ষ পরিবার। পশ্চিমবঙ্গের ১,৫০০টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে। এবার ১২৪০ বেসরকারি ও ৬২৭ সরকারি হাসপাতালেও এই দুই প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া, সকল সত্তরোর্ধ্ব নাগরিকরা এই প্রকল্পের সমস্ত সুবিধা পাওয়ার যোগ্য হবেন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে হিন্দুদের খ্রিস্টানে ধর্মান্তরিত করছেন মেসির দেশের লোক! পড়লেন ধরা
মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গে আগে এমন ব্যাপক সুবিধা পাওয়া যেত না। বর্তমানে চালু হওয়া এই দুটি স্কিমের অধীনে সারা ভারতবর্ষ জুড়ে ৩৮,৬০৪ হাসপাতালে চিকিৎসার সুবিধা মিলবে। শুভেন্দু অধিকারী জানান, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু এবং কলকাতাতে চিকিত্সার খরচ একই। আগে ১,৭০০ ক্ষেত্রে চিকিৎসা সুবিধা পাওয়া যেত। এবার থেকে ১,৯৫০টি স্কিম মিলবে। নি এবং হিপ রিপ্লেসমেন্টের মতো সুবিধা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় পাওয়া যাবে।