অনন্যা সরকার, কলকাতা: প্লাস্টিক ব্যাগের (Plastic Bag) যথেচ্ছ ব্যবহার রুখতে নবান্নের (Nabanna) তরফে জারি করা হলো নির্দেশিকা। বাজারে প্লাস্টিক ব্যাগ নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ (Plastic Bag Ban) করা হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাগরিকদের উদ্দেশ্যে বাজারে যেকোনও ধরনের প্লাস্টিক ব্যাগ নিয়ে যেতে বারণ করেছেন। তার সাথে সাথে এও জানিয়েছেন যে, বাজারগুলিতে ভেন্ডিং মেশিন লাগানোরও পরিকল্পনা করা হচ্ছে, যেখান থেকে অর্থের বিনিময় পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ কেনা যাবে।
ভেন্ডিং মেশিন বসবে বাজারের মুখে
অগ্নিমিত্রা পাল বলেছেন যে, যদি কখনো ব্যাগ নিয়ে যেতে ভুলে যান ক্রেতারা, তাহলে তারা ভেন্ডিং মেশিন থেকে ব্যাগ সংগ্রহ করতে পারবেন। মেশিনগুলিকে সাধারণ মানুষের সুবিধার্থে বাজারের প্রবেশদ্বারেই বসানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। গুণমান ও আকারের উপর নির্ভর করে ব্যাগগুলির দাম ১০ থেকে ১৫ টাকা হতে পারে। এই ব্যাগগুলির ডিজাইন এমনভাবে করা হবে, যা পরিবেশের কোনও ক্ষতি করবে না। প্লাস্টিকের পরিবর্তে সুতি বা পুনর্ব্যবহারযোগ্য কটন দিয়ে তৈরি হবে এই মাল্টিপারপাস ব্যাগগুলি। তার সাথে ব্যাগগুলিকে টেকসইভাবে তৈরি করা হবে, যাতে এইগুলি একাধিকবার ব্যবহার করা যায়।
সরকারের এই প্রকল্পের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ব্যাগের আধুনিক পদ্ধতি। শোনা যাচ্ছে, ব্যাগগুলিকে এমনভাবে তৈরি করা হবে যাতে ক্রেতারা মাছ-মাংস কিনে ব্যাগে ভরে নিয়ে যাওয়ার পর, সেগুলোকে ধুয়ে পরে তাতে সবজিও নিয়ে যেতে পারবেন। তবে, এই ব্যাগের ভেতরে অর্থাৎ ইন-লেয়ারে কি ধরনের উপাদান ব্যবহার করা হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী বিমানবন্দরে নামলেও ছাড়ল না কনভয়, NEET পরীক্ষার্থীদের জন্য আত্মত্যাগ মোদিজির
অগ্নিমিত্রা পাল জানান, মাল্টি-পারপাস ব্যাগ তৈরি করতে নির্দেশ দিয়েছেন তিনি। এগুলির ডিজাইন এমন হবে, যা ফেলে না দিয়ে বারংবার ব্যবহার করতে মন চাইবে ক্রেতাদের। ইন-লেয়ারে কি উপাদান ব্যবহার হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।