‘বিজেপির বাবারা মাইনে দেয়না’ ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশি হানায় বিস্ফোরক অভিষেক

সৌভিক মুখার্জী, কলকাতা: কোনও নোটিশ ছাড়াই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তৃণমূল কার্যালয়ের সাইনবোর্ড খুলতে আসার অভিযোগে এবার কলকাতা পুরসভা ও পুলিশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ। আধিকারিকরা আসার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে পুলিশের দাদাগিরি বলে হুমকি দিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুললেন তিনি। তাঁর স্পষ্ট অভিযোগ, কোনও অর্ডার কপি ছাড়াই বিজেপির গুন্ডাবাহিনী দলীয় কার্যালয়ের সাইনবোর্ড খুলতে এসেছে। এ নিয়ে আদালতে যাওয়া হবে।

তৃণমূল কার্যালয়ের সাইনবোর্ড খোলার অভিযোগে তোপ অভিষেকের

সূত্রের খবর, বৃহস্পতিবার না জানিয়েই এবং কোনও রকম অর্ডার কপি না নিয়েই কেএমসি আধিকারিকরা পুলিশকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে আসেন। এমনকি নোটিশ না দেখিয়েই কার্যালয়ের সাইনবোর্ড এবং হোর্ডিং খোলার চেষ্টা করেন তাঁরা। ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছন অভিষেক। এমনকি আধিকারিকদের স্পষ্ট হুঁশিয়ারি দেন, এখানে কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। অভিষেকের কথায়, “আগে আধিকারিকরা অর্ডার কপি দেখাক। তারপর সেই বিষয় নিয়ে দরকার পড়লে আদালতে যাওয়া হবে। ব্যক্তিগত কারও পার্টি অফিসে কোথায় সাইনবোর্ড লাগানো থাকবে, তা বিজেপি ঠিক করবে?”

এমনকি হুঁশিয়ারি দিয়ে অভিষেক জানান, “পুলিশ আজকে যেই গুন্ডাগিরি করেছে আমি হাইকোর্টে টানব। গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে এসেছে। অর্ডারে লেখা রয়েছে ছবি অ্যাটাচড, অথচ ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার কোনও ডিটেলস নেই। এটা একটা প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে পড়বেন? প্রধানমন্ত্রী স্টেশনে চা বিক্রি করতেন। সেটা তাঁর সম্পত্তি নাকি রেলের সম্পত্তি? বিজেপির হাতে তামাক খাচ্ছে পুলিশ।” পাশাপাশি অভিষেক পুলিশকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘এরা ভুলে গেছে এদের মাইনে সাধারণ মানুষের করের টাকায় হয়, বিজেপির বাবারা দেয় না’।

আরও পড়ুন: হলদিয়া শিল্প সংস্থায় গোটা জেলা থেকে নিয়োগ, বসছে রোজগার মেলা, আজ থেকেই আবেদন

এমনকি তৃণমূলকে ভয় দেখানো হচ্ছে এই অভিযোগে অভিষেকের বার্তা, “এত ভয় কীসের জন্য? মানুষের ভোটে যদি নির্বাচিত হন, তাহলে সভা মিছিলের পারমিশন দেবেন না কেন? তৃণমূল কিন্তু ঘাসফুলের দল। যত ঘাস কাটবেন, তত বাড়বে।” ইতিমধ্যেই এই ঘটনার আইনি লড়াইয়ের পাশাপাশি হাইকোর্টের প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীকে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান অভিষেক। এমনকি পুলিশ বা পুরসভার আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, “যে আসার আসুক, আইন মেনে লড়াই করব।”

Leave a Comment