অনন্যা সরকার, কলকাতা: গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে বাঁচতে অনেকেই এখন বাড়িতে এসি (AC) লাগান। কিন্তু গরম পড়তেই উত্তাপের থেকেও বেশি এসির বিল নিয়ে চিন্তায় থাকেন সাধারণ মানুষ। তাই নিশ্চিন্তে এসি চালানোর জন্য অনেকে বাড়িতে সোলার প্যানেল (Solar Panel) লাগানোর কথা চিন্তা ভাবনা করেন। কিন্তু প্রায়শই তাদের ধন্দে দেখা যায় একটা বিষয় নিয়ে যে, কতগুলো এসির জন্য কত কিলোবাইটের সোলার প্যানেলের প্রয়োজন? তাই আপনিও যদি আপনার বাড়িতে বিদ্যুতের খরচ কমানোর জন্য সোলার প্যানেল লাগানোর কথা ভাবেন, তাহলে সবার আগে এসির সমস্ত হিসাব এবং তার জন্য প্রয়োজনীয় সোলার প্যানেলের ক্ষমতা সম্পর্কে বিশদে জেনে নিন।
১টি এসির জন্য কত কিলোওয়াটের সোলার প্যানেল দরকার ?
বাড়ির ১টি এসির জন্য সোলার প্যানেল ইনস্টল করতে হলে, আগে দেখতে হবে এসিটি কত টনের। ধরে নেওয়া যাক এসিটি ১ বা ১.৫ টনের, তাহলে কমপক্ষে ৩ থেকে ৪ কিলোওয়াটের সোলার সিস্টেম ইনস্টল করতে হবে। জানিয়ে রাখি, ১.৫ টন পর্যন্ত একটি ইনভার্টার এসি ১,২০০ থেকে ১,৫০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে থাকে। এবার লাইট, ফ্যান এবং রেফ্রিজারেটরের মতো অন্যান্য সাধারণ ইলেকট্রনিক্সের ওপর নির্ভর করে সোলার প্যানেলের ক্ষমতা কিছুটা বেশি হওয়া দরকার।
একটি ৩ কিলোওয়াটের সোলার সিস্টেম প্রতিদিন প্রায় ১২ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা একটি ১.৫-টনের এসি সহ অন্যান্য ইলেকট্রনিক্সগুলির প্রয়োজনীয়তা মেটানোর জন্য যথেষ্ট। আর ব্যাটারি-চালিত অফ-গ্রিড সিস্টেম চাইলে কমপক্ষে ৪ থেকে ৫ কিলোওয়াটের একটি সিস্টেম ইনস্টল করাই শ্রেয় হবে।
২টি এসির জন্য কত কিলোওয়াটের সোলার সিস্টেম লাগবে?
আজকালকার দিনে অনেকের বাড়িতেই দুটো করে এসি থাকে। যদি আপনার বাড়ির ক্ষেত্রেও বিষয়টা এক হয়, তবে দুটো ১.৫-টন ক্ষমতার এসি চালানোর জন্য অন্তত ৫ থেকে ৭ কিলোওয়াটের একটি সোলার সিস্টেম আপনাকে লাগাতে হবে। দুটি ১.৫-টন এসি একসাথে চালালে প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ ওয়াট, অর্থাৎ প্রায় ২.৫ থেকে ৩ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। এর সাথে অন্যান্য ইলেকট্রনিক্সের লোড যোগ করলে, মোট খরচ অন্তত ৪ থেকে ৪.৫ কিলোওয়াটে পৌঁছায়।
৫ কিলোওয়াটের একটি সোলার সিস্টেম রোজ ২০ থেকে ২২ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। আর অফ-গ্রিড সিস্টেম (Off-Grid System) ইনস্টল করতে চাইলে আপনার অন্তত ৭ থেকে ৮ কিলোওয়াটের একটি হাইব্রিড সিস্টেম প্রয়োজন হবে।
৩টি এসির জন্য কত কিলোওয়াটের সোলার সিস্টেমে প্রয়োজন?
বড় বাড়ি বা অফিসের অনেক সময়ই তিনটি এসি থাকে। এতগুলো এয়ারকন্ডিশনার একসাথে চালালে কমপক্ষে ৮ থেকে ১০ কিলোওয়াটের একটি সোলার সিস্টেমের দরকার পড়বে। একসাথে তিনটি ১.৫-টনের এসি চালালে প্রায় ৩,৮০০ থেকে ৪,৫০০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। তিনটি এসির সাথে বাড়ির অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামগুলির মোট লোডের চাহিদা ৬ থেকে ৭ কিলোওয়াট হতে পারে। তাই সোলার সিস্টেমের ক্ষমতা এই চাহিদার তুলনায় কিছুটা বেশি হওয়া প্রয়োজন।
আরও পড়ুনঃ দিনমজুর মায়ের কৃতী মেয়ে, একুশ বছর বয়সে IPS, ২২-এ ফের UPSC ক্লিয়ার করে হন IAS
একটি ৮ কিলোওয়াটের সোলার সিস্টেম দৈনিক গড়ে ৩২ থেকে ৩৬ ইউনিট বিদ্যুৎ তৈরি করতে পারে। অন্যদিকে, ১০ কিলোওয়াটের সিস্টেম ৪০ থেকে ৪৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। তিনটি এসির বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল কমানোর জন্য ৮ ওয়াটের সিস্টেমটি উপযুক্ত হবে। আর যদি অফ-গ্রিড সংযোগ চান, তাহলে একটি বড় ব্যাটারি ব্যাংকের সাথে কমপক্ষে ১০ কিলোওয়াটের একটি হাইব্রিড সিস্টেমকে যুক্ত করতে হবে।