বিশ্বকর্মা পুজোয় চিনা মাঞ্জার আতঙ্ক রুখতে বড় প্রস্তুতি কলকাতা পুলিশের, আসছে বিশেষ ড্রোন

প্রীতি পোদ্দার, কলকাতা: বিশ্বকর্মা পুজোয় (Vishwakarma Puja) ‘প্রাণঘাতী’ চিনা মাঞ্জা ব্যবহারে নজরদারি রাখতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সুতো (Chinese Manja) কেটে দিতে এবার ব্যবহার করা হতে চলেছে বিশেষ ড্রোন (Drone)। তবে শুধু সুতোর ওপর নজরদারি নয়, পুজোয় ভিড় সামলাতেও আকাশপথে নজরদারিতেও এই ড্রোন ব্যবহার করতে চাইছে কলকাতা পুলিশ। আর সেই উদ্দেশ্যেই কোটি টাকা খরচ করে নতুন দু’টি অত্যাধুনিক ড্রোন কেনা হচ্ছে।

চিনা মাঞ্জার আতঙ্ক

সাময়িক আনন্দ উপভোগ করতে প্রতি বছরই চিনা মাঞ্জা এবং সাধারণ মাঞ্জার কারণে নানা দুর্ঘটনা খবর প্রকাশ্যে উঠে এসেছে। গত মাসেই মা উড়ালপুল দিয়ে বাইকে যাওয়ার সময় চিনা মাঞ্জার সুতো গলায় জড়িয়ে আহত হন কলকাতা পুলিশের এক আধিকারিক। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে প্রাণে বেঁচে যান তিনি। তাই পুনরায় যাতে কেউ এই ঘটনার মুখোমুখি না হয় সেই কারণে বিশ্বকর্মা পুজোয় মাঞ্জার উপর নজরদারি বাড়াতে এবার বিশেষ ড্রোন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

মাঞ্জার সুতো কাটতে আসছে বিশেষ ড্রোন

আসলে আকাশে ওড়ানো ড্রোনের ক্ষেত্রেও ঘুড়ির মাঞ্জা বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ ড্রোনের পাখায় শক্ত চিনা মাঞ্জাসুতো ব্লেডে আটকে গেলে যন্ত্রটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। তাই সেই সমস্যা মাথায় রেখেই কলকাতা পুলিশ বিশেষ ধরনের ড্রোন নিয়ে এসেছে, যা শক্ত চিনা মাঞ্জাও কেটে বেরিয়ে আসতে পারবে। এই ড্রোনের মাধ্যমে দেখা হবে চিনা মাঞ্জাসুতো ব্যবহার করে কেউ ঘুড়ি ওড়াচ্ছে কি না। যদিও পুলিশ আধিকারিকদের মতে, এবারের বিশ্বকর্মা পুজোয় এই ড্রোনের ব্যবহার পুরোপুরি ব্যবহার না করা হলেও কয়েক মাস পর থেকেই ঘুড়ির সুতোর উপর নজর রাখতে পারবে পুলিশের এই ড্রোন।

আরও পড়ুন: ‘রথকে উল্টো করে বাড়ি পাঠাব..’, অভিষেকের মন্তব্য মনে করিয়ে চাঞ্চল্যকর দাবি মা হাসিরানির

লালবাজারের তরফে জানানো হয়েছে, আপাতত এই নতুন দু’টি ড্রোন পুজো তথা উৎসবের সময় দিন ও রাতে নজরদারির জন্য কাজে লাগানো হবে। ভিড়ের মধ্যে কারও আচরণ সন্দেহজনক মনে হলে ড্রোনের ক্যামেরায় তোলা ছবি ও ভিডিও দেখে তাঁকে শনাক্ত করা সম্ভব হবে। সেক্ষেত্রে যদি কোনও কারণে মাটি থেকে ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন স্বয়ংক্রিয়ভাবেই সেই ড্রোন মাটিতে নিয়ন্ত্রকের কাছে নেমে আসবে। এই ড্রোনের ব্যাটারির ক্ষমতা এতটাই হবে যে, প্রয়োজনে টানা দশ ঘণ্টা এই ড্রোন উড়তে পারবে।

Leave a Comment