বিশ্বকর্মা পুজোয় দুর্যোগ দক্ষিণবঙ্গে, উত্তরের একাধিক জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: সোমবার থেকে বৃষ্টি সামান্য কমতেই শুরু হয়েছে ভ্যাপসা গরম। সকাল থেকে তীব্র রোদের ঝলকানিতে রীতিমতো অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে। যদিও এখনই বৃষ্টি থেকে মিলছে না রেহাই। ফের বর্ষার আবহাওয়া তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal)। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিশ্বকর্মা পুজোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতিও বেশ খারাপ, অবিরাম হয়ে চলেছে বৃষ্টি। আগামীকাল (Weather Tomorrow), বুধবারও একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। কিন্তু এই নিম্নচাপের গতিপ্রকৃতি কী হবে সেই ব্যাপারে এখনো কিছু জানা যাচ্ছে না। তবে আবহাওয়ার পূর্বাভাস এই নিম্নচাপটি বেশ শক্তিশালী হবে এবং এর প্রভাবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

আজকের আবহাওয়া 

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আগামীকাল, বুধবার, কলকাতায় সকাল থেকেই ভরপুর রোদের দাপট দেখা যাবে। মাঝে মধ্যে আংশিক মেঘের দেখা পাওয়া গেলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়তেই স্থানীয়ভাবে মেঘের আনাগোনা দেখা যাবে। তার জেরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এতে তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তন হবে না। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশপাশেই থাকবে কিন্তু ভ্যাপসা গরম বজায় থাকবে অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে।

আরও পড়ুন: অবশেষে পুরুলিয়ার ছড়রার হবে বিমানবন্দর, মউ স্বাক্ষর হবে এই মাসেই

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। তবে মাঝেমধ্যে কালো মেঘের আনাগোনা দেখা যাবে আকাশে। যার ফলে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া 

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে দুর্যোগ কমলেও উত্তরবঙ্গের পরিস্থিতি আলাদা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়াও হাওয়া অফিসের তরফে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির জেরে ধস নামার সতর্কতাও জারি করা হয়েছে।

Leave a Comment