বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতের হয়ে ব্রোঞ্জের পদক জিতেছিলেন বিহারের ঝান্ডু কুমার (Jhandu Kumar)। সাধারণত, বিশ্বমঞ্চে সাফল্য পাওয়ার পর ভবিষ্যতে আরও বড় হওয়ার আশা থাকে প্রত্যেক অ্যাথলেটেরই। বিহারের ছেলেরও যে নেই তেমনটা নয়, তবে দেশের হয়ে পদক জেতার পর ভারত সরকারের তরফে পুরস্কার বাবদ যে নগদ অর্থ পেয়েছিলেন এবার তা নিয়েই বড় পরিকল্পনা সেরে ফেললেন ঝান্ডু। ঠিক করেছেন, ওই অর্থ দিয়ে নিজের সবজির ব্যবসা বাড়াবেন তিনি।
পদক জিতে পাওয়া অর্থ দিয়ে সবজির দোকান সাজাবেন ঝান্ডু
সম্প্রতি কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক জিতে গর্ব বাড়িয়েছেন বহু খেলোয়াড়। সেই তালিকায় উজ্জ্বল নাম বিহারের ঝান্ডু কুমার। ভারতের জন্য পদক জেতায় দেশবাসীর মুখে প্রশংসা শোনার পাশাপাশি পরিস্থিতিও বদলে গিয়েছে তাঁর। সমাজে পাচ্ছেন সম্মান। সেই সাথে ভারতের জন্য ব্রোঞ্জের পদক জেতায় ভারত সরকারের কাছ থেকে ভাল পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে পেয়েছেন তিনি। তা নিয়ে এবার কী করবেন সেটাই জানিয়ে দিলেন ভারতীয় অ্যাথলিট।
সম্প্রতি সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় সংবাদমাধ্যম NDTV-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ঝান্ডু কুমার জানিয়েছেন, “ভারতের জন্য পদক জেতার পর বিহার সরকার আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে। আমাকে কিছু নগদ পুরস্কারও দেওয়া হবে। আমি ভারত সরকারের কাছ থেকেও কিছু নগদ পুরস্কার পেয়েছি। আমার একটা সবজির দোকান আছে। এই অর্থ দিয়ে আমি সেই দোকানটা বড় করতে চাই। মনের মতো করে সাজাতে চাই।”
আরও পড়ুন: আর অপেক্ষা নয়! এই মাস থেকে ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন, ঘোষণা রেলমন্ত্রীর
কমনওয়েলথ গেমসে ভারতের জন্য পদক জেতার পর দেশের অ্যাথলিটরা এবার এশিয়ান গেমসে নিজেদের জাত চেনাতে চান। সেই তালিকায় রয়েছেন বিহারের ঝান্ডু কুমারও। গ্লাসগোতে সাফল্যের পর এবার এশিয়ান গেমসে পা রাখতে চাইছেন তিনি। তাঁর লক্ষ্য একটাই, পাওয়ারলিফটিং এ নিজেকে আরও মেলে ধরা। ভারতীয় তারকার কথায়, “এই মুহূর্তে আমার লক্ষ্য এশিয়ান গেমসে ভাল পারফর্ম করা এবং পদক জেতা।”