ভারত ও আমেরিকার মধ্যে চালু বিশ্বের প্রথম 5G স্ট্যান্ডঅ্যালোন রোমিং, হাত মেলাল Jio ও T-Mobile

অনন্যা সরকার, কলকাতা: রিলায়েন্স জিও (Reliance Jio) এই মুহূর্তে ভারতের সবচেয়ে বৃহৎ টেলিকম সার্ভিস প্রোভাইডার। তাই এমন বহু জিও গ্রাহক আছেন, যারা কর্মসূত্রে বা ভ্রমনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়মিত যান। এবার এই জিও গ্রাহকদের মোবাইল রোমিং অভিজ্ঞতায় আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর, জিও ব্যবহারকারীরা টি-মোবাইলের ৫জি স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্কে (T-Mobile 5G Standalone Network) রোম করতে পারবেন। উল্টোদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ভ্রমণকারী টি-মোবাইল গ্রাহকরাও জিও-র ৫জি স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। উভয় কোম্পানিই এবিষয়ে সহমত পোষণ করেছেন যে, রোমিংয়ের মাধ্যমে দুটি দেশের ৫জি স্বতন্ত্র নেটওয়ার্কের মধ্যে এইধরনের সংযোগ বিশ্বে এর আগে হয়নি।

দেশ পরিবর্তন করলেও ৫জি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ মিলবে

এখন থেকে জিও ও টি-মোবাইলের গ্রাহকরা দেশ পরিবর্তনের পরেও নতুন ৫জি নেটওয়ার্কে রোমিংয়ের সুবিধা পেতে থাকবেন। এর ফলে আরও দ্রুত গতি, কম ল্যাটেন্সি এবং আরও নির্ভরযোগ্য কানেকশন মিলবে। অর্থাৎ, ভিডিও স্ট্রিমিং থেকে শুরু করে ভ্রমণের ভিডিও শেয়ার করা কিংবা অফিসের অ্যাপে কাজ করা – সমস্ত ক্ষেত্রেই ভারত ও যুক্তরাষ্ট্রে ৫জি ব্যবহারের অভিজ্ঞতা আরও মসৃণ ও বাধা-বিঘ্নহীন হবে।

বর্তমানে, এই ৫জি স্ট্যান্ডঅ্যালোন রোমিং সংযোগটি জিও এবং টি-মোবাইলের নেটওয়ার্কেরই মধ্যে রয়েছে। তাই, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যাতায়াতকারী গ্রাহকরা এই সংযোগ থেকে সরাসরি উপকৃত হবেন। টি-মোবাইলের চিফ নেটওয়ার্ক অফিসার অঙ্কুর কাপুর জানিয়েছেন যে, দুই দেশের মধ্যে ভ্রমণের সময়ও গ্রাহকদের ৫জি পরিষেবায় কোনও সমস্যা আসবে না, তা সে, ট্র্যাভেল রিল শেয়ার করা, ভিডিও স্ট্রিমিং করা বা ব্যবসায়িক অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রেই হোক না কেন। তিনি বলেন এটাই জিও ও টি-মোবাইলের যৌথ প্রযুক্তির প্রধান শক্তি।

আরও পড়ুন: খরচ করতে হবে না এক পয়সাও, এ বছর বিনামূল্যে দেখা যাবে ISL, সিদ্ধান্ত কর্তৃপক্ষের

এর পাশাপাশি জিও-র আন্তর্জাতিক নেটওয়ার্ক, পার্টনারশিপ এবং সার্ভিস বিভাগের প্রধান মার্ক ইয়ারোস্কি বলেছেন যে, এই সাফল্য শুধু রোমিং-এর মধ্যেই সীমাবদ্ধ নেই। দুটি স্বতন্ত্র ৫জি নেটওয়ার্কের এই সমন্বয় গ্রাহক ও ব্যসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এআই (AI) সার্ভিস সহ নিত্যনতুন পরিষেবার দ্বার উন্মোচন করতে পারে। এই রোমিং সংযোগটি সম্ভব করে তোলার ক্ষেত্রে সাইনিভার্স (Syniverse) প্ল্যাটফর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্ল্যাটফর্ম জিও ও টি-মোবাইল নেটওয়ার্ককে নিরাপদে সংযুক্ত করতে সাহায্য করেছে।

Leave a Comment