ভারত থেকে ৫৭ টাকা কেজিতে ইলিশ কিনছে বাংলাদেশ, কেন উল্টে নির্ভরশীল হয়ে পড়ল ঢাকা?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর আগে বাংলাদেশের ইলিশের (Bangladesh Ilish Import) জন্য মুখিয়ে থাকেন পশ্চিমবঙ্গবাসী। অধিক দাম হলেও পুজোয় পদ্মার ইলিশ ছাড়া চলে না বাঙালির! সেই মতোই, বিগত বছরগুলিতে ওপার বাংলা থেকে এদেশে এসেছে টনটন ইলিশ মাছ। তবে এবার বদলে গেল ছবিটা। ইলিশের জন্য কার্যত ভারতের উপর নির্ভরশীল (India-Bangladesh Ilish) হয়ে পড়ল বাংলাদেশ। যদিও গতবছর থেকেই ভারতের ইলিশ আমদানি শুরু করেছিল পদ্মা পাড়ের দেশ। এ মরসুমে পরিমাণটা বেশ খানিকটা বেড়েছে। প্রথম আলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, 57 টাকা কেজি দরে ভারত থেকে ইলিশ মাছ আমদানি করছে ঢাকা।

57 টাকা করে ইলিশ কিনছে বাংলাদেশ

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারত থেকে গত বছরের জুলাই মাসেই ইলিশ আমদানি শুরু করেছিল বাংলাদেশ। 2025 সালে দাঁড়িয়ে 17,850 কেজি ইলিশ পৌঁছেছিল ওপার বাংলায়। সেখানে এ বছর অর্থাৎ 2026 এ দাঁড়িয়ে বিগত 9 মাসে বাংলাদেশে গিয়েছে 4 লাখ 27 হাজার কেজি ইলিশ মাছ। আর এই রপ্তানির বেশিরভাগটাই হয়েছে গুজরাতের ভারুচ অঞ্চল থেকে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য থেকেই বেশি মাছ আমদানি করছে বাংলাদেশ। মূলত আরব সাগরের সাথে যুক্ত নর্মদা নদীর মোহনা থেকে ধরা হয় এই ইলিশগুলি।

বলাই বাহুল্য, বাংলাদেশের পদ্মার ইলিশের তুলনায় এই ইলিশের স্বাদ বেশ খানিকটা কম হওয়ায় কম দামেই এইসব ইলিশ যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন, গুজরাত থেকে যেসব ইলিশ তাঁরা আমদানি করে নিয়ে যাচ্ছেন সেগুলির মান অনুযায়ী দাম দেওয়া হচ্ছে ভারতকে। যা খবর, বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর সংস্থা রুপা এন্টারপ্রাইজ মাত্র 57 টাকা (বাংলাদেশি মুদ্রায়) কেজি দরে 7,723 কেজি ইলিশ মাছ ভারত থেকে কিনে নিয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশের আরেক মৎস্য আমদানিকারক সংস্থা আবার 24,700 কেজি ভালো জাতের ইলিশ কিনেছে 247 টাকা কেজি দরে।

 

আরও পড়ুন: বাবার চায়ের দোকানের আয়ে চলত না সংসার! দেশের হয়ে জোড়া সোনা জিতলেন বাংলার মেয়ে

ইলিশের জন্য কেন ভারতের উপর নির্ভরশীল হল বাংলাদেশ?

বাংলাদেশ যে ইলিশের জন্য ভারতের উপর পুরোপুরি নির্ভরশীল এমনটা নয়। আসলে বাংলাদেশের নিজস্ব ইলিশ উৎপাদনের যথেষ্ট ক্ষমতা রয়েছে। তবে বাংলাদেশে ইলিশের স্থানীয় প্রচুর চাহিদা থাকার কারণে বাজারে ইলিশের দাম এবং সরবরাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। তাছাড়াও বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম আগেই স্বীকার করে নিয়েছিল, বর্তমানে তুলনামূলকভাবে খানিকটা কম ইলিশ উৎপাদন হচ্ছে বাংলাদেশ। সে কারণেই দেশের বাজারে ইলিশের বিপুল অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখে ভারত থেকে ইলিশ আমদানি করতে হচ্ছে ওপার বাংলাকে। তবে ভারত একা নয় বরং মায়ানমার থেকেও বর্তমানে নিয়মিত ইলিশ মাছ কিনছে বাংলাদেশ।

Leave a Comment