“মমতার অধঃপতন হয়েছে..” তৃণমূল নেত্রীকে বেনজির আক্রমণ কাকলির

প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপি রাজ্য গঠনের ক্ষমতায় আসতে না আসতেই তৃণমূলের অন্দরে ভাঙনের সূত্রপাত শুরু হয়েছিল। বিধায়কদের মতোই ২০ জন সাংসদ তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা NCPI-তে যোগ দিয়েছিলেন। আর তাঁদের মধ্যে অন্যতম হলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। এদিকে অন্য দলে যোগদান করতেই NCPI এর প্রথম কর্মসূচিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন তিনি। কটাক্ষ করলেন তৃণমূলের খেলা হবে স্লোগান।

তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ কাকলির

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, শুক্রবার, রাখিবন্ধন উপলক্ষে বারাসত জেলা পরিষদের প্রেক্ষাগৃহে নিজের কোচিং সেন্টারের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিলেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। সেখানেই বক্তৃতা দেওয়ার সময় তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে টার্গেট করে তিনি বলেন, “গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বল মাঠের বাইরে পাঠিয়ে খেলা শেষ করে দিয়েছে, তাই এই সব স্লোগান এখন অনর্থক।” এখানেই শেষ নয় তৃণমূলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক শেষ করার কারণও ব্যাখ্যা করেছেন।

মমতাকে টার্গেট বারাসতের সাংসদের

বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, “গত ৪০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন। কিন্তু তাঁর এখন অধঃপতন হয়েছে। গত পাঁচ-সাত বছর ধরে ওঁর ব্যবহারে আমি মর্মাহত হয়ে দলত্যাগ করেছি। এর পরেই পূর্বতন সরকারের আমলে রাজ্যে যে বালি, সোনা ও কয়লা পাচারের অভিযোগ উঠে এসেছে সেটিকে টার্গেট করে মমতাকে আক্রমণ করেন কাকলি। তাঁর কথায়, “এর আগে এ রাজ্যে বালি, সোনা, কয়লা পাচার দেখিনি। সেই কারণে দলে ধস নেমেছে। আর উনি সব জানা সত্ত্বেও সেই ধসের চূড়ায় বসে আছেন।”

আরও পড়ুন: রেশন তুলতে নয়া নিয়ম! আঙুলের ছাপ না মেলায় সমস্যায় প্রবীণরা

প্রসঙ্গত, গতকাল, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলে যে ‘আমি আপনাদের কথা দিচ্ছি, ২০ জন সাংসদের পদ খারিজ করে দেখাব।’ এবার সেই প্রসঙ্গ উঠতেই নিজের অবস্থানে অনড় থাকার কথা জানান সাংসদ। তাঁর কথায়, “বাংলার মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আমরা স্বেচ্ছায় দল ছেড়েছি। ফের দলে যাওয়ার জন্য প্রশ্নই ওঠে না।” এছাড়াও দলত্যাগ-বিরোধী আইনে নোটিস নিয়েও সাংসদের স্পষ্ট কথা “লোকসভার স্পিকারের নির্দেশ অনুসারে নোটিসের জবাব যুক্তি-সহ যথাসময়ে দেব।”

Leave a Comment