প্রীতি পোদ্দার, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে অর্ণব। আগামীকাল সকালেই ল্যান্ডফল হবে অন্ধ্রপ্রদেশে উপকূলে। এদিকে ঘূর্ণিঝড়ের ‘তেজ’ বাড়লেও বাংলায় অর্ণবের সরাসরি প্রভাব পড়ছে না তবে ভিজবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। জানা গিয়েছে, আগামীকাল, (Weather Tomorrow) কলকাতাসহ দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
আজ, সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুর থেকে আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে মাঝেমধ্যে। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দুপুরে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কালো মেঘ দেখা যাচ্ছে। পূর্বাভাস ঘূর্ণিঝড় অর্ণব সরাসরি বাংলার উপকূলে আছড়ে না পড়লেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আরও পড়ুন: কর্ণাটকে SIR-এ বাদ গেল ১ কোটি নাম
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল, বুধবার, ঘূর্নিঝড় অর্ণবের প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। এরপর বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের চারটি জেলায় অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এলাকায় একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিতেও থাকবে বৃষ্টিপাতের আশঙ্কা।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মধ্যে, বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় অর্ণবের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হয়ত ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার থাকতে পারে এবং দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আর এই ঘূর্ণিঝড়ের দাপটে তিলোত্তমায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝড় হাওয়া। বৃহস্পতিবারও কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে হল না DA মামলার শুনানি! হতাশ কর্মীরা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে ভারী বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার থেকে। হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব মাসের শেষদিন পর্যন্ত বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।