মাখন-গোলমরিচের মেলবন্ধনে বানিয়ে ফেলুন গরম গরম মটন স্টু, রইল রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: মটন দিয়ে হরেক রকমের রান্না দেখা যায় বাঙালির হেঁশেলে, কখনও কষা তো কখনও আবার রেজালা। শুধু কি তাই, মটনের ভর্তা বানিয়েও অনেকে খায়, তবে আজ আমরা মটনের (Mutton) এক নতুন রেসিপি (Recipe) ট্রাই করব, যা বানাতে যেমন একদমই কম সময় লাগবে ঠিক তেমনই আবার খেতেও লাগবে দুর্দান্ত। আর সেটি হল মটনের স্টু (Mutton Stew), গরম গরম সেঁকা পাউরুটি দিয়ে খেতে লাগবে অসাধারণ। চলুন রেসিপিটি সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

মটনের স্টু বানানোর জন্য কম বেশি নানা রকমের উপকরণ লাগে। কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এই দুর্দান্ত রেসিপি বানানো যায়, খালি বাইরে থেকে লাগবে মটন। চলুন এই রেসিপি বানাতে যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল — মটন, তেজপাতা, দারচিনি, গোটা গোলমরিচ, গোটা গরমমশলা, পেঁয়াজ, নুন, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা পেঁপে, আলু, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, মাখন, সাদা তেল।

রান্নার পদ্ধতি

  • মটনের স্টু বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা মটন গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে কোন লোম বা রক্ত না লেগে থাকে। এবার একটি কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে গোটা গোল মরিচ দারচিনি তেজপাতা এবং গোটা গরম মসলা ফোড়ন দিয়ে নিতে হবে।
  • এরপর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ গুলো যখন হালকা বাদামী রঙের হয়ে আসবে তখন ওর মধ্যে ধুয়ে রাখা মটনগুলো দিয়ে দিতে হবে। ভালো করে পেয়াজ এবং মটনগুলো মিশিয়ে নিতে হবে।
  • ওর মধ্যে মশলা হিসেবে একে একে নুন, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার ওই পেঁয়াজ এবং মটনের মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে দিতে হবে। সমস্ত মসলা খানিকক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে গরম জল ঢেলে দিতে হবে।

আরও পড়ুন: ঝোল-ভাপা নয়, এবার স্বাদ বদলাতে ট্রাই করুন ইলিশ-পিটুলি, রইল রেসিপি

  • এবার একটি প্রেসার কুকারের মধ্যেই সমস্ত মিশ্রণ ঢেলে অন্তত দুটো থেকে তিনটে সিটি দিয়ে দিতে হবে। ঢাকনা তুলে দেখে নিতে হবে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা, এবার কয়েকটি কাঁচা পেঁপের টুকরো ওই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে।
  • অন্যদিকে একটি কড়াইতে সামান্য সাদা তেল গরম করে আলু, গাজর এবং বিনস নুন দিয়ে হালকা ভেজে নিতে হবে। ভাজা সবজিগুলো এবার ওই মাংসের স্টু-এর মধ্যে ঢেলে দিতে হবে। তার সঙ্গে ঝাল অনুযায়ী লঙ্কাও দিয়ে দিতে পারেন, এবার কুকারের ঢাকনা বন্ধ করে অন্তত দুই থেকে তিনটে সিটি পুনরায় দিয়ে নিতে হবে।
  • নামানোর আগে ওই স্টু এর মধ্যে ওপর থেকে সামান্য মাখন এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ব্যাস তাহলেই তৈরি সুস্বাদু মটনের স্টু।

Leave a Comment