বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাহাড়ে ঘুরতে যাওয়ার প্লান করছেন? এমনটা হয়ে থাকলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার থেকে এক হেলিকপ্টারেই (Helicopter Ride) অল্প খরচে পৌঁছে যেতে পারবেন সিকিমের রাজধানী গ্যাংটক (Gangtok)। শিলিগুড়ি থেকে এই শৈল শহরে পৌঁছতে সময় লাগবে মাত্র 30 মিনিট। হ্যাঁ, সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা STDC বহুদিন ধরেই শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে গ্যাংটক পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা দিয়ে আসছে। তাও আবার অল্প খরচে। পকেটে 3100 টাকা থাকলেই শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে এক ঘুম দিয়ে পৌঁছে যেতে পারবেন গ্যাংটক।
মাত্র 3100 টাকায় হেলিকপ্টারে পৌঁছে যান গ্যাংটক
এর আগে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে গ্যাংটক পর্যন্ত হেলিকপ্টারে যেতে খরচ পড়তো মাথাপিছু 4,500 টাকা। তবে সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন সম্প্রতি সেই ভাড়া কমিয়ে 3100 টাকায় নামিয়ে এনেছে। এর ফলে এবার থেকে 1400 টাকা সাশ্রয় হবে যাত্রীদের। মূলত সরকারি অনুমোদনের পরই সংশোধিত ভাড়া কার্যকর করা হয়েছিল STDC এর তরফে।
বলে রাখা প্রয়োজন, এটি কোনও বেসরকারি সংস্থা বা এভিয়েশন কোম্পানির একক পরিষেবা নয় বরং এই হেলিকপ্টার পরিষেবাটি মূলত সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং Skyone Airways যৌথ উদ্যোগে পরিচালনা করে থাকে। যদিও ট্রাভেল প্ল্যাটফর্ম Accretion Aviation এর প্ল্যাটফর্ম থেকে হেলিকপ্টার পরিষেবার জন্য টিকিট বুকিং করা যায়। মূলত এই সংস্থাটি নিজস্ব বুকিং চার্জ বা চার্টার্ড উইংয়ের মাধ্যমে হেলিকপ্টারের টিকিট বুকিং এর সুবিধা দেয়। তবে ভাড়া নির্ধারণ করে STDC।
জানিয়ে রাখি, সাধারণত শিলিগুড়ি থেকে সড়কপথে সিকিম যেতে যেখানে 7 ঘন্টা বা তারও বেশি সময় লাগে সেই পর্বে দাঁড়িয়ে এই হেলিকপ্টারে করে 20 মিনিটে থেকে সর্বোচ্চ আধ ঘণ্টার মধ্যে রাজ্যটির রাজধানী গ্যাংটকে পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। একদিক থেকে এই হেলিকপ্টার পরিষেবার খরচ যেমন কম তেমনই, বেঁচে যাবে যাত্রীদের প্রয়োজনীয় সময়। জন প্রতি 3100 টাকায় হেলিকপ্টারে করে গ্যাংটক যাওয়া গেলেও লাগেজের খরচ আলাদা করে দিতে হয় পর্যটকদের। সেক্ষেত্রে 7 কেজি ওজন পর্যন্ত লাগেজ নিয়ে বিনামূল্যে যাতায়াত করা যাবে। তবে ব্যাগের ওজন এর থেকে বেশি হলে 50 টাকা থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হয়।
আরও পড়ুন: “আমি তাঁর….” জন্মদিনে প্রধানমন্ত্রীকে মেলোনির বার্তা প্রকাশ্যে
কীভাবে হেলিকপ্টারের সিট বুকিং করবেন?
শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে গ্যাংটক পর্যন্ত হেলিকপ্টারে ভ্রমণ করতে হলে আগে সিট ফাঁকা রয়েছে কিনা সেটা জেনে নিতে হবে। সিট ফাঁকা থাকলে নির্দিষ্ট নম্বরে কল করেই বুকিং করা যেতে পারে। এক্ষেত্রে গ্যাংটক STDC এর নম্বর 03592-203960 বা অন-ডিউটি মোবাইল: 7318906677 নম্বরে কল করে আসন ফাঁকা রয়েছে কিনা তা জেনে নেওয়ার পাশাপাশি নিজের সিট বুকিং করতে পারেন। এছাড়াও Accretion Aviation কর্তৃপক্ষের নির্দিষ্ট মোবাইল বা অফিস নম্বর 9109152175 এ কল করে টিকিট বুক করার যাবতীয় পদ্ধতি জেনে নিয়ে প্রয়োজনীয় অর্থ দিয়ে হেলিকপ্টারের সিট বুক করতে পারেন। তবে অবশ্যই পেমেন্ট করার পর টিকিটের কনফার্মেশন বা নির্দিষ্ট রশিদ নিয়ে নেবেন।