মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের

আনিষা চৌধুরী, কলকাতা: ২০২৮ সালে পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক (Madhyamik Examination) পরীক্ষা দেবে, তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। নবম শ্রেণিতে পড়া এই পড়ুয়াদের রেজিস্ট্রেশন তথ্যের অনলাইন চেকলিস্ট খতিয়ে দেখা এবং প্রয়োজন হলে ভুল-ত্রুটি শনাক্ত করে সেগুলি সংশোধনের কাজ শুরু করা হবে ১৬ সেপ্টেম্বর থেকে। এই বিষয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে, পর্ষদের তরফে স্কুলগুলির জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে পরবর্তীতে পড়ুয়াদের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনও সমস্যা তৈরি না হয়, সে জন্য স্কুল কর্তৃপক্ষকে প্রতিটি তথ্য ভালোভাবে মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছে পর্ষদ।

১৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে যাচাই

পর্ষদ জানিয়েছে, ২০২৬ সালে নবম শ্রেণিতে থাকা পড়ুয়াদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত তথ্য অনলাইনে যাচাই করতে হবে সংশ্লিষ্ট স্কুলগুলিকে। এই কাজের জন্য ব্যবহার করতে হবে পর্ষদের নির্দিষ্ট পোর্টাল wbbsedata.com। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই পোর্টালটি খোলা থাকবে। এই সময়সীমার মধ্যেই পড়ুয়াদের তথ্য পরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন করে নিতে হবে। নইলে পরে সমস্যায় পড়তে হতে পারে।

অনলাইনে সমস্ত তথ্য যাচাই এবং সংশোধনের কাজ শেষ হওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে ফাইনাল চেকলিস্টের একটি কপি প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দিতে হবে। পাশাপাশি রেজিস্ট্রেশনের জন্য জমা দেওয়া ব্যাঙ্ক চালান অথবা অনলাইনে পেমেন্ট করা হয়ে থাকলে তার স্ক্রিনশটও সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে পর্ষদের তরফে কোনও প্রয়োজন হলে সংশ্লিষ্ট নথিগুলি স্কুল কর্তৃপক্ষকে জমা দিতে হতে পারে। তাই নথিগুলি যত্ন করে রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অর্ধেক সময়ে দিল্লি, ঘণ্টায় ১৬০ কিমিতে ছুটবে ট্রেন! ‘মিশন রফতার’ নিয়ে বিরাট সুখবর

সমস্যায় পড়লে কোথায় যোগাযোগ করবেন?

২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন তথ্যের ক্ষেত্রে যাতে কোনও ভুল থেকে না যায়, সেই কারণে স্কুলের প্রধানদের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনও সমস্যা বা অসুবিধা তৈরি হলে পর্ষদের নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস [email protected]এ যোগাযোগ করা যেতে পারে। তবে তার আগে অবশ্যই পর্ষদের ঠিক করে দেওয়া সময়ের মধ্যেই যাচাই ও সংশোধনের কাজ শেষ করতে হবে।

Leave a Comment