প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণিঝড় অর্ণবের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। বাংলাতেও জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কিন্তু এবার আবহাওয়া বিশেষজ্ঞদের কপালে নতুন করে পড়েছে চিন্তার ভাঁজ। জানা গিয়েছে সাগরে নতুন করে কোমর বাঁধছে আরো এক নয়া ঘূর্ণিঝড়। এদিকে এর প্রভাব কতটা পশ্চিমবঙ্গের উপর পড়বে, তা নিয়ে চিন্তা বাড়ছে। এমতাবস্থায় আগামীকাল (Weather Tomorrow) নতুন মাসের প্রথম দিনেও দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সাগরে নয়া ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড় অর্ণবের রেশ কাটতে না কাটতেই আবহাওয়া বিশেষজ্ঞদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে বঙ্গোপসাগরের আবহাওয়া। অর্ণবের অবশিষ্টাংশ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে দানা বাঁধছে নতুন নিম্নচাপ! সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এর প্রভাব সরাসরি পড়বে না বাংলায়। এদিকে আজ সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে। যদিও বেশ কয়েকটি এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই রোজ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুর গড়াতেই আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে। জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই ৭ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই আপাতত এই সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার থেকে সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে।
আরও পড়ুন: দুর্গাপুরের বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ, তদন্তে নামল পুলিশ
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল, সকাল থেকেই তিলোত্তমার আকাশে আংশিক মেঘ থাকবে। দুপুর গড়াতেই বজ্রবিদ্যুত সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর ব্যবসা গরম অনুভূত হবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামীকাল রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে। তবে বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মঙ্গলবার থেকেই আবহাওয়া ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে।