সহেলি মিত্র, কলকাতা: পেনশন প্রাপকদের জন্য রইল বড় খবর। কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের জন্য পেনশনের (Pension) একাংশ কমিউটেশন বা এককালীন টাকা হিসেবে পাওয়ার নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ জারি করল কেন্দ্র। ২০২৬ সালের ২৯ অক্টোবর Department of Pension and Pensioners’ Welfare বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, কোন কোন শ্রেণির পেনশনভোগী মেডিক্যাল পরীক্ষা ছাড়াই পেনশন কমিউটেশন করতে পারবেন এবং কোন ক্ষেত্রে মেডিক্যাল পরীক্ষা বাধ্যতামূলক হবে।
পেনশন নিয়ে জরুরি বিজ্ঞপ্তি কেন্দ্রের
CCS (Commutation of Pension) Rules, 1981 অনুযায়ী, অবসরের পর পেনশনের একটি নির্দিষ্ট অংশের বদলে এককালীন টাকা নিতে পারেন সরকারি কর্মীরা। তবে এই সুবিধা পেতে মেডিক্যাল পরীক্ষা লাগবে কি না, তা নির্ভর করবে পেনশনের ধরন এবং আবেদনের সময়সীমার উপর। সুপারঅ্যানুয়েশন বা নির্ধারিত বয়সে অবসর নেওয়া কর্মীরা, স্বেচ্ছাবসর নেওয়া যোগ্য কর্মীরা, কর্পোরেশন বা সংস্থায় শোষিত হওয়ার পর মাসিক পেনশন ও অবসরকালীন গ্র্যাচুইটি নেওয়ার বিকল্প বেছে নেওয়া কর্মীরা, স্থায়ী পদ বিলুপ্ত হওয়ার কারণে ক্ষতিপূরণমূলক পেনশন পাওয়া কর্মীরা, বিভাগীয় বা বিচারবিভাগীয় তদন্ত শেষ হওয়ার পর যাঁদের পূর্ণ বা আংশিক পেনশন মঞ্জুর হয়েছে, তাঁরাও নির্দিষ্ট শর্তে এই সুবিধা পাবেন।
আবেদনের জন্য এক বছরের সময়সীমা
CCS (Commutation of Pension) Rules, 1981-এর Rule 13 অনুযায়ী, অবসরের পর পেনশনের একাংশ কমিউটেশন করতে চাইলে নির্ধারিত ফর্মে এক বছরের মধ্যে আবেদন করতে হবে। অবসরের পরের দিন থেকে আবেদন করা যায়। তবে এক বছরের সময়সীমা পেরিয়ে গেলে মেডিক্যাল পরীক্ষা বাধ্যতামূলক হতে পারে। বিশেষ ক্ষেত্রে সময়সীমা গণনার নিয়মও স্পষ্ট করেছে কেন্দ্র। কর্পোরেশনে শোষিত কর্মীর অবসরের নির্দেশ যদি অতীতের কোনও তারিখ থেকে কার্যকর করা হয়, তাহলে নির্দেশ জারির প্রকৃত তারিখ থেকে এক বছর গণনা হবে। আবার বিভাগীয় বা বিচারবিভাগীয় তদন্ত শেষ হওয়ার পর পেনশন মঞ্জুর হলে, সেই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশ জারির তারিখ থেকে এক বছরের সময়সীমা ধরা হবে।
আরও পড়ুন: অপেক্ষা শেষ! শুরু হবে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো, উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী
কাদের মেডিক্যাল পরীক্ষা বাধ্যতামূলক?
দ্বিতীয় মেমোরেন্ডামে Rule 18 অনুযায়ী চারটি ক্ষেত্রে মেডিক্যাল পরীক্ষা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। সেগুলি হল—
১. শারীরিক অক্ষমতার কারণে ইনভ্যালিড পেনশনে অবসর নেওয়া কর্মী।
২. শাস্তি হিসেবে বাধ্যতামূলক অবসর নিয়ে পেনশন পাওয়া কর্মী।
৩. কমপ্যাশনেট অ্যালাউন্স বা সহানুভূতিমূলক ভাতা পাওয়া কর্মী।
৪. যাঁরা নির্ধারিত এক বছরের মধ্যে কমিউটেশনের আবেদন জমা দিতে পারেননি।
এমনকী, কোনও পেনশনভোগী মেডিক্যাল পরীক্ষা ছাড়া কমিউটেশনের যোগ্য হলেও এক বছরের মধ্যে তাঁর আবেদন Head of Office-এর কাছে না পৌঁছলে তাঁকে মেডিক্যাল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। মেডিক্যাল পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে শারীরিকভাবে উপযুক্ত বলে ছাড়পত্র পেতে হবে। পাশাপাশি, CCS (Commutation of Pension) Rules, 1981-এর Rule 5 অনুযায়ী নির্ধারিত সীমাও মানতে হবে।
কেন্দ্রের এই নির্দেশিকা অনুযায়ী, পেনশন কমিউটেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পেনশনের ধরন এবং আবেদনের সময়সীমা। তাই অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিজের পেনশনের শ্রেণি যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে অপ্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা ও প্রক্রিয়াগত বিলম্ব এড়ানো সম্ভব হতে পারে।