আনিষা চৌধুরী, কলকাতা: পুজোর মুখে পড়ুয়াদের (Students) জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহ দিতে ‘ভগিনী নিবেদিতা স্কিম’ (Bhagini Nivedita Scheme) চালুর কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই প্রকল্পের আওতায় যোগ্য অবিবাহিত মহিলা পড়ুয়ারা কলেজে পড়াশোনার সময় মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। ২০২৭ সালের জানুয়ারি থেকেই সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর কথা জানানো হয়েছে। মূলত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রীদের জন্যই এই বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে।
কীভাবে ঢুকবে এই ৫০ হাজার টাকা?
সরকারের ঘোষণায় বলা হয়েছে, কলেজে ভর্তি হওয়ার পর তিনটি ধাপে এই টাকা দেওয়া হবে। প্রথম বর্ষের পড়াশোনা শেষ হলে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বর্ষের শেষে আরও ১৭ হাজার টাকা এবং তৃতীয় বর্ষ শেষ হলে ১৬ হাজার টাকা দেওয়া হবে। অর্থাৎ তিন বছরে সব মিলিয়ে আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াবে ৫০ হাজার টাকা।
এই প্রকল্পের মূল লক্ষ্য উচ্চশিক্ষায় অবিবাহিত মেয়েদের অংশগ্রহণ বাড়ানো এবং তাঁদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, যাঁরা এই বছর কলেজে ভর্তি হয়েছেন তাঁরাও কি এই সুবিধা পাবেন? হ্যাঁ, চলতি বছরে যাঁরা কলেজে ভর্তি হয়েছেন, তাঁরাও আগামী বছর থেকে এই সুবিধা পাওয়ার আওতায় থাকবেন বলে জানানো হয়েছে।
এদিনের ঘোষণায় শুধু ভগিনী নিবেদিতা স্কিমই নয়, পড়ুয়াদের জন্য আরও একাধিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের হস্টেলে থাকা পড়ুয়াদের খাবারের জন্য মাসিক বরাদ্দ ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে। নভেম্বর থেকেই বর্ধিত বরাদ্দ কার্যকর হওয়ার কথা।
আরও পড়ুন: উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মী, DA বৃদ্ধির ঘোষণা সরকারের
ভগিনী নিবেদিতা প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষার পথে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হবে অবিবাহিত মহিলা পড়ুয়াদের জন্য। তবে সুবিধা পেতে প্রকল্পের নির্দিষ্ট যোগ্যতা ও সরকারি নিয়ম মেনে চলতে হবে। আবেদন করার আগে ভালো করে দেখে নিতে হবে সংশ্লিষ্ট স্কলারশিপটির জন্য শিক্ষার্থী আদৌ যোগ্য কি না।