বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2024 সালে ছাত্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশের (Bangladesh) সিংহাসন ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা (Sheikh Hasina)। চলে আসেন ভারতে। আর এই গোটা ঘটনায় বাংলাদেশের জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল ভারতবিরোধী মনোভাব। তবে কূটনৈতিক মহলের অনেকেই বলছেন, হাসিনাকে ভারতে পাঠিয়ে ওপার বাংলার মানুষের মধ্যে ভারতবিরোধী মানসিকতা ছড়িয়ে দেওয়ার চক্রান্ত চলেছিল! এবার সেটাই কার্যত ফাঁস করলেন ভারতীয় কৌশল বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি। হাসিনার ভারতে আসার নেপথ্যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের হাত ছিল সেটাই সর্বসমক্ষে তুলে ধরলেন তিনি!
হাসিনাকে ভারতে পাঠিয়ে চক্রান্ত করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান?
অনেকেই মনে করছেন, বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যেকার সম্পর্কের অবনতির অন্যতম বড় কারণ শেখ হাসিনা। বাংলাদেশের বহু নাগরিক হাসিনাকে নিয়েই ভারতের বিরুদ্ধে নানান স্লোগান তুলেছেন। এবার সেসব নিয়েই মুখ খুললেন ভারতীয় বিশেষজ্ঞ চেলানি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “শেখ হাসিনার সাংবিধানিক পদত্যাগের আগেই বাংলাদেশের সামরিক বাহিনী তাঁকে ক্ষমতারচ্যুত করেছিল এবং সে দেশ থেকে বহিষ্কার করেছিল।”
ওই বিশেষজ্ঞের দাবি, ভারতের তরফে শুধুমাত্র কূটনৈতিকভাবে সহযোগিতা করা হয়েছে হাসিনাকে। তার আগে বাংলাদেশের সামরিক বাহিনী ভারতের কাছে হাসিনার বিমান নিয়ে যাওয়ার জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিল। শুধু তাই নয়, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে করা ওই পোস্টে ভারতীয় বিশেষজ্ঞ একেবারে খোলাখুলি জানিয়েছেন, ভারত শেখ হাসিনাকে আনতে যায়নি বরং তিনি বাংলাদেশের সামরিক বাহিনীর লকহিড সি-130জে হারকিউলিস বিমানে করে এদেশের বিমানবন্দরে নেমেছিলেন।
আরও পড়ুন: “এমন কিছু করলে মারা যেতে পারি..” ধর্ষণ বন্ধ করার উপায় বলে দিল সুপ্রিম কোর্ট
এরপরই ভারতীয় বিশেষজ্ঞ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের অনুরোধেই ভারতে এসেছিলেন শেখ হাসিনা। প্রাথমিকভাবে তাঁর লন্ডনে আশ্রয় নেওয়ার কথা ছিল। তবে সেটা না হওয়ায় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার তাঁকে বিমানে করে এদেশে পাঠিয়ে ভারতের উপর কূটনৈতিক এবং রাজনৈতিক বোঝা চাপাতে চেয়েছিলেন। এদিকে ভারতও বন্ধুত্বের খাতিরে ওপারের প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছিল।” এর আগে সম্প্রতি ওপার বাংলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই কথা বলেছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও। সব মিলিয়ে ভারতীয় বিশেষজ্ঞের বক্তব্য থেকে বোঝাই যাচ্ছে, একপ্রকার ভারতকে চাপে ফেলতেই হাসিনাকে এদেশে পাঠিয়েছেন ওপারের সেনাপ্রধান!