বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) বিনিয়োগ করে মোটা টাকার মালিক হতে হলে ধৈর্য ধরতে হয়। বিগত বছরগুলিতে এই বাজারে নিজেদের গচ্ছিত অর্থ রেখে যাঁরা অপেক্ষা করেছিলেন, তাঁদের আজ পেছনে ফিরে তাকাতে হচ্ছে না! ভারতীয় শেয়ার বাজারে সময় নিয়ে বিনিয়োগ করলে কোটিপতি হওয়া যায় সে কথা বলার অপেক্ষাই রাখে না। আজকের প্রতিবেদন রইল তেমনই এক স্টকের খোঁজ, যেখানে বিনিয়োগ করে মোটা টাকা ঘরে তুলেছেন ইনভেস্টররা। না বললেই নয়, যে শেয়ার সম্পর্কে আলোচনা করতে চলেছি সেই স্টারলাইট টেকনোলজিসের (Multibagger Stock) দাম এবছর অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
বিনিয়োগকারীদের মালামাল করে দিয়েছে এই শেয়ার
আজ অর্থাৎ সোমবার, ভারতীয় শেয়ার বাজারে স্টারলাইট টেকনোলজিসের শেয়ারের দাম 4 শতাংশ বেড়ে 1001 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। যা দীর্ঘ 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে অবশ্য এই শেয়ার তিন দিন আপার সার্কিট হিট করে ছিল। জানিয়ে রাখা প্রয়োজন, এই সংস্থা এআই, ডেটা সেন্টার, এফটিটিএক্স, গ্রামীণ এবং এন্টারপ্রাইজ নেটওয়ার্কের জন্য অপটিক্যাল ফাইবার এবং কানেক্টিভিটি সলিউশন দিয়ে থাকে।
এবার আসা যাক এই সংস্থার শেয়ারের মূল্য বৃদ্ধির কারণ প্রসঙ্গে। আসলে গত পহেলা অক্টোবর এই কোম্পানি জানিয়েছিল, তারা প্রায় 10 হাজার কোটি টাকা মূল্যের একটি বৃহৎ অর্ডার হয়েছে। আর সেই খবর প্রকাশ্যে আনার পরেই কোম্পানিটির শেয়ারের দাম একেবারে লাফিয়ে বাড়তে থাকে। সবচেয়ে বড় কথা, এই শেয়ার চলতি বছরে আজ পর্যন্ত 860 শতাংশ রিটার্ন দিয়েছে। অর্থাৎ এই শেয়ারে যদি গত বছরের 31 ডিসেম্বর কেউ 10.40 লাখ টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াত 1 কোটি টাকায়।
আরও পড়ুন: বিশ্বে সম্মান নিয়ে টিকে থাকতে এবার যা যা করবে বাংলাদেশ
যদিও গত ছয় মাসেও এই শেয়ার বিনিয়োগকারীদের 450 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। জানিয়ে রাখি, চলতি বছর জানুয়ারি মাসের 27 তারিখ এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 84.65 টাকা। এটাই 52 সপ্তাহের মধ্যে শেয়ারটির সর্বনিম্ন মূল্য। ইতিমধ্যেই ব্রোকারেজ ফার্ম নির্মল ব্যাং ইনস্টিটিউশনাল ইকুইটিজ এই শেয়ারটিকে বাই রেটিং দিয়েছে। তাদের দাবি, খুব শীঘ্রই দাম বাড়তে পারে এই শেয়ারের। বর্তমানে এই সংস্থার শেয়ারের দাম 1001 টাকা হলেও ব্রোকারেজ ফার্মটি মনে করছে আগামী দিনে এর দাম 1340 টাকায় পৌঁছে যেতে পারে।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)