সৌভিক মুখার্জী, কলকাতা: বরাবরই রাজনীতি থেকে দূরে থাকতে পছন্দ করেন অভিনেতা জিৎ (Jeet)। কিন্তু এখন ককরোচদের আন্দোলনে উত্তাল গোটা দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলছে রণক্ষেত্র। নিটের প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে ছাত্র সমাজের সুরক্ষা রক্ষার জন্য সোনম ওয়াংচুকের সঙ্গে অনশনে বসেছে ছাত্র সমাজ। যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছাত্র-ছাত্রীদের স্বার্থ সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে ছাত্র আন্দোলন নিয়ে অরিজিৎ সিং-র পর মুখ খুললেন অভিনেতা জিৎ।
দিল্লির আন্দোলন নিয়ে কী বললেন জিৎ?
এদিন দিল্লির আন্দোলন নিয়ে ইনস্টাগ্রামে অভিনেতা লিখেছেন, নিট বিষয়টি এখন শুধুমাত্র একটি পরীক্ষা নয়, বরং এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের পরিবারের আশা, স্বপ্ন এবং বিশ্বাসের বিষয়। প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য ব্যবস্থা পাওয়ার অধিকার রয়েছে। এই বিষয়ে দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। এর পাশাপাশি অর্থপূর্ণ সংস্কারের মাধ্যমে নিশ্চিত করতে হবে যেন এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে। অভিনেতার আরও সংযোজন, আমাদের ছাত্র-ছাত্রীদের উত্তর, ন্যায় বিচার এবং সর্বোপরি এই আস্থা পাওয়ার অধিকার রয়েছে যে তাদের কঠোর পরিশ্রমের ফল সবসময় ন্যায্যভাবে দেওয়া হবে। এই মুহূর্তটি হোক দায়িত্ববোধ, জবাবদিহিতা এবং স্থায়ী সংস্কারের, রাজনৈতিক ফায়দা তোলার জন্য নয়।
প্রসঙ্গত, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিটের প্রশ্ন ফাঁস নিয়ে বিরাট উদ্যোগ নিয়েছেন। তিনি আজ জানিয়েছেন, পড়ুয়াদের দাবি মেনে প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে দায়বদ্ধতা সুনিশ্চিত করার লক্ষ্যেই এগোচ্ছে সরকার। প্রত্যেক দোষী যাতে কঠোর শাস্তি পায় সেটা নিশ্চিত করার জন্য সরকার ফাস্ট ট্রাক কোর্ট গঠন করেছে। আর ইতিমধ্যেই উপযুক্ত পদক্ষেপ করার জন্য সমস্ত দফতরের আধিকারিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।
View this post on Instagram
আরও পড়ুন: এই সার্টিফিকেট ছাড়া মিলবে না যুবশক্তি! কবে থেকে শুরু আবেদন?
তবে এই ঘটনা নিয়ে যেখানে দেশের একাধিক সেলিব্রেটি এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছেন, সেখানে হাতেগোনা কয়েকজনকেই ছাত্রদের পাশে দাঁড়াতে দেখা গেল। এ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন জনপ্রিয় গায়ক অরিজিত সিং। এমনকি তার জন্য তাঁকে বিভিন্ন সমালোচনার শিকারও হতে হচ্ছে। কিন্তু তা সত্বেও গায়ক নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, “আপনারা আমার গান না শুনলেও যায় আসে না। আমি ছাত্রদের পাশে দাঁড়াব।” আর এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলার সুপারস্টার জিৎ।