রেশন কার্ড নিয়ে হয়রানি, বনগাঁয় গ্রাহকদের অভিযোগ শুনেই অ্যাকশনে খাদ্যমন্ত্রী

প্রীতি পোদ্দার, কলকাতা: বনগাঁ (Bangaon) খাদ্য দফতরে রেশন কার্ড (Ration Card) নিয়ে গ্রাহকদের হয়রানি, খবর পেয়েই তড়িঘড়ি উপস্থিত হলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। কাজের ঢিলেমি নিয়ে রীতিমত সকলের সামনেই ধমক দিলেন অফিসারদের। রেশন কার্ড নিয়ে একাধিক গ্রাহকের সমস্যা (Ration Card Problem) বেড়েই চলেছে, আর সেই সমস্যা সমাধান করার জন্য দপ্তরে এলে হচ্ছে না কোনো কাজ, এবার বিন দাঁড়িয়ে থেকে গ্রাহকদের সুবিধা অসুবিধা যাচাই করলেন খাদ্যমন্ত্রী।

অফিসারদের ধমক খাদ্যমন্ত্রীর

বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে রেশন কার্ডের সমস্যা নিয়ে বনগাঁ খাদ্য দফতরে হয়রানি হতে হচ্ছে গ্রাহকদের। কোনো অফিসার একবার বলছে সেখানে যেতে তো কোনো অফিসার আবার বলছে অন্য দিন আসতে। এইভাবে সময় নষ্ট করে প্রায় প্রতিদিনই গ্রাহকের ভিড় বাড়ছে অফিসে। এবার সেই ঘটনার খবর জানাজানি হতেই গতকাল অর্থাৎ বুধবার, আচমকাই অফিসে হানা দেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। আর তিনি আসতেই গ্রাহকরা অফিসারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। সেই শুনে তিনি একে একে অফিসারদের কাজের ঢিলেমি নিয়ে প্রশ্ন তোলেন। অনেকেই দেরি করে অফিস খোলার অভিযোগও তোলে।

ধমক খেয়েই কাজ শুরু অফিসারদের

জানা গিয়েছে যেখানে অফিস খোলার সময় সকাল ১০ টা সেখানে ১১ টার সময় অফিস খুলে ২ টোর মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এই অল্প সময়ে অর্ধেক কাজই হয় না গ্রাহকদের। এদিন খাদ্যমন্ত্রী অফিসারদের ধমক দিয়ে বলেছিলেন, ”আপনারা কেন সকাল ১০ টার পরিবর্তে ১১ টায় অফিস খোলেন? একেকটা রেশন পরিবারের সাত থেকে আটজন করে সদস্য থাকে, তারা দূরদূরান্ত থেকে আসে আর আপনারা কেন এভাবে ফেরৎ পাঠাচ্ছেন।” এরপরই জোরকদমে কাজে লেগে পড়েন অফিসারেরা।

আরও পড়ুন: আচমকাই চিরতরে স্কুল বন্ধের নোটিশ হুগলির কুন্তিঘাটে! শুনেই তুমুল বিক্ষোভ অভিভাবকদের

প্রসঙ্গত, রেশন গ্রাহকদের এই সমস্যা নতুন নয়, এর আগেও একাধিক জেলায় রেশন কার্ড নিয়ে হয়রানির মধ্যে পড়তে হয়েছিল গ্রাহকদের। কারোর রেশন কার্ডের ঠিকানার সমস্যা, কারোর আধার লিঙ্ক করা নেই তো কারোর আবার মোবাইল নম্বরের সমস্যা, কিন্তু সংশোধনের ক্ষেত্রে সাহায্য করছে না অফিসারেরা। এখন দেখার এই পরিস্থিতি নিয়ে খাদ্যমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন কি না।

Leave a Comment