প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে আইন সুরক্ষার দায়িত্ব পালন করেই ক্ষান্ত হন না তিনি, পরিবেশকে বাঁচাতে কর্তব্যের সীমানা পেরিয়ে সবুজের জন্যও সময় দেন কৃষ্ণনগর জেলা পুলিশের (Krishnanagar District Police) ASI নিশীথ বিশ্বাস (ASI Nisith Biswas)। পেশায় পুলিশ হলেও তাঁর মূল লক্ষ্য হল পরিবেশকে সবুজে ভরিয়ে দেওয়া অর্থাৎ বলা যায় ইউনিফর্মের আড়ালে একজন সবুজ সৈনিকের (Police Green Soldier) পরিচয় দেন ASI নিশীথ বিশ্বাস। তাঁর এই পরিবেশের প্রতি পরিশ্রম সকলের বেশ প্রশংসা কুড়িয়েছে।
সবুজ সৈনিকের পরিচয় দেন ASI নিশীথ বিশ্বাস
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে কৃষ্ণনগর পুলিশ জেলার ASI নিশীথ বিশ্বাসের সবুজ অভিযানের নানা চিত্র তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। ভোরের আলো ফুটতে না ফুটতেই এলাকায় এলাকায় গাছের নানা বীজ, কোদাল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। কোনো ফাঁকা জমি দেখলেই সেখানে গাছের চারা বা বীজ বপন করেন। ভিডিওর সাক্ষাৎকার পর্বে তিনি জানিয়েছিলেন যে, “আশে পাশের ঝোপঝাড়ে অসংখ্য আম, জাম গাছ হয়েছে। এগুলির বীজ আমিই রোপণ করেছিলেন। এখন যখন ওই গাছে পাখিরা বাসা বাঁধে তখন দেখেও মনে শান্তি আসে।”
১০,০০০-এরও বেশি গাছ লাগিয়েছেন
জানা গিয়েছে, কৃষ্ণনগর পুলিশ জেলার ASI নিশীথ বিশ্বাস এখনও পর্যন্ত নিজের উদ্যোগে ১০,০০০-এরও বেশি গাছ লাগিয়েছেন। তবে গাছ লাগিয়েই থেমে যাননি তিনি, সেই গাছগুলির নিয়মিত পরিচর্যাও করে পরিবেশ রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর এই খবর পশ্চিমবঙ্গ পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে না করতেই সাধারণ মানুষ তাঁর এই দৃষ্টান্তমূলক উদ্যোগকে প্রশংসা করেছে এবং তাঁকে “পরিবেশের বন্ধু” হিসেবে অভিহিত করেছেন। সকলের বিশ্বাস তাঁর এই কাজ বর্তমান সমাজ ও তরুণ প্রজন্মের কাছে একটি বড় দৃষ্টান্ত তুলে ধরবে।
আরও পড়ুন: রেশন কার্ড নিয়ে হয়রানি, বনগাঁয় গ্রাহকদের অভিযোগ শুনেই অ্যাকশনে খাদ্যমন্ত্রী
প্রসঙ্গত, বর্তমানে যখন রাস্তা তৈরি বা উন্নয়নের নামে চারপাশে নির্বিচারে গাছ কাটা চলছে, তখন কৃষ্ণনগর পুলিশ জেলার ASI নিশীথ বিশ্বাস উল্টো পথে হেঁটে নিজের পয়সা খরচ করে একের পর এক গাছ লাগিয়ে চলেছেন তা সত্যিই প্রশংসনীয়। ডিউটির সময়টুকু বাদে সকাল ও বিকেলের সময় তিনি গাছ লাগানো, আগাছা পরিষ্কার, গাছে মাটি, জল বা সার দেওয়ার কাজেই ব্যস্ত থাকেন। প্রয়োজনে গাছে কীটনাশক প্রয়োগ করেন।