আনিষা চৌধুরী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) ইস্তফার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্কে প্রতিবাদ কর্মসূচির আগে আরও তিনটি দাবি সামনে আনলেন অভিজীত দীপকে (Abhijeet Dipke)। বৃহস্পতিবার মুম্বই প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তিনি তাঁর দাবিগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি ২ অক্টোবর বিকেল ৪টেয় শিবাজি পার্কের গেট নম্বর ৬-এ মানুষকে জমায়েত হওয়ার আহ্বান জানান তিনি।
ইস্তফার পাশাপাশি আরও ৩ দাবি কী কী?
অভিজীত দীপকের বক্তব্য অনুযায়ী, জ্ঞানেশ কুমারের ইস্তফার পাশাপাশি তাঁদের আরও তিনটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। যথা,
- প্রথমত, CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত করতে হবে।
- দ্বিতীয়ত, SIR-এর ভিত্তিতে তৈরি ভোটার তালিকা নিয়ে গৃহীত পদক্ষেপ বন্ধ করে ২০২৫ সালের আগের ভোটার তালিকাকে বৈধ হিসেবে বিবেচনা করতে হবে।
- তৃতীয়ত, নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পাশাপাশি নাগরিক সমাজকে যুক্ত করতে হবে।
SIR নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে দীপকে বলেন, ‘যদি SIR-এর ভিত্তিতে নির্বাচন হয়, তাহলে মোদি জি আমেরিকার নির্বাচনও জিতে যেতে পারেন।’ তাঁর এই মন্তব্যের মাধ্যমে SIR-এর ভোটার তালিকা নিয়ে তিনি কী ধরনের আপত্তি তুলছেন, তা স্পষ্ট করার চেষ্টা করেন।
২ অক্টোবরের কর্মসূচি প্রসঙ্গে দীপকে বলেন, ‘জ্ঞানেশ কুমার সিইসি পদের যোগ্য নন, তিনি দেশের সবচেয়ে বড় গদ্দার। তাঁর ইস্তফার দাবিতে কাল থেকে আমাদের দেশব্যাপী আন্দোলন শুরু হবে। আমি মানুষের কাছে আবেদন করছি, যত বেশি সংখ্যক মানুষের পক্ষে আসা সম্ভব অবশ্যই আসুন, কারণ এটা দেশের গণতন্ত্র বাঁচানোর আন্দোলন।’ তিনি আরও জানান, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শুধু ইস্তফার দাবি নয়, তাঁর ভূমিকা নিয়ে তদন্তও হওয়া উচিত। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার দাবি তোলা হয়েছে বলে জানান CJP নেতা।
SIR বা Special Intensive Revision-এর মাধ্যমে ভোটার তালিকায় পরিবর্তন নিয়েও সরব হয়েছেন দীপকে। তাঁর দাবি, SIR-এর আগে যে ২০২৫ সালের ভোটার তালিকা ছিল, সেটিকেই নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা উচিত। বিরোধী দলগুলি এবং CJP-র তরফে SIR প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগও তোলা হয়েছে।
নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন দীপকে। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা থাকা প্রয়োজন এবং নাগরিক সমাজকে এর সঙ্গে যুক্ত করতে হবে। তিনি বলেন, ‘মোদি এবং অমিত শাহ নিজেদের বাড়িতে বসে ঠিক করবেন যে কাকে ভালো লাগছে, আর তাঁকেই বানিয়ে দেবেন, এটা হতে পারে না। এখানে আরও স্বচ্ছতা আনতে হবে। নাগরিক সমাজকে যুক্ত করতে হবে।’
আরও পড়ুন: পুজোর মরসুমে ২.৫ লক্ষ কর্মসংস্থান! হরিণঘাটায় বিরাট চমক ফ্লিপকার্টের
২ অক্টোবরের কর্মসূচি ঘিরে CJP সমর্থকদের মুম্বইয়ের শিবাজি পার্কে জমায়েত হওয়ার আহ্বান জানানো হলেও, এই প্রতিবাদের অনুমতি নিয়ে পুলিশের সঙ্গে দলের মতবিরোধ তৈরি হয়েছে। দীপকে জানিয়েছেন, তাঁদের আন্দোলন মুম্বই থেকে শুরু করে পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে।
Abhijeet Dipke, Gyanesh Kumar, Chief Election Commissioner Of India, Election Commission Of India, Mumbai
Political Protest, Narendra Modi, Amit Shah, Democracy In India