সব জামিন মঞ্জুর, ১৩ বছর পর জেলমুক্ত হচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক যুগের বেশি সময় কারাবাসে থেকে সারদা চিটফান্ড কেলেঙ্কারির মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের (Sudipta Sen) জেলমুক্তির পথে আর কোনও রকম আইনি বাধা রইল না। হ্যাঁ, বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের আওতায় থাকা শেষ দুটি মামলাতে সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করে দিয়েছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে বৃহস্পতিবারই প্রেসিডেন্সি জেল থেকে তিনি মুক্তি পাবেন।

বড়সড় রায় আদালতের

প্রসঙ্গত, মঙ্গলবার সুদীপ্ত সেনের জামিন মামলার শুনানি শেষ হয়েছিল। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রাখেন। আজ বুধবার আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, সুদীপ্ত সেনের বিরুদ্ধে থাকা মোট ৩৮২টি মামলার সবকটিতেই তিনি জামিন পেয়েছেন। সিবিআই এর হাতে থাকা ৭৬টি মামলাতেও তিনি আগে শর্তসাপেক্ষ জামিন পেয়েছিলেন। আর শুধুমাত্র বারাসাত আদালতে বিচারাধীন রাজ্য পুলিশের দুটি মামলায় তাঁর জেলবন্দী আটকে ছিল, যার জট আজ কেটে গেল।

উল্লেখ্য, দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে বিচারাধীন হিসেবে তিনি জেলবন্দি ছিলেন। সম্প্রতি তিনি সংশোধনাগার থেকে হাইকোর্টে একটি প্রিজনার্স পিটিশন দাখিল করেছিলেন। আর সেখানে তাঁর প্রধান অভিযোগ ছিল, দীর্ঘ দেড় বছর ধরে তাঁর মামলার কোনও রকম শুনানি হচ্ছে না। আর অনেক ক্ষেত্রে তাঁকে আদালতে হাজির করানো হচ্ছে না। এমনকি তাঁকে কেন ভার্চুয়ালি বা শারীরিকভাবে আদালতে হাজির করে দ্রুত মামলা নিষ্পত্তি করা হচ্ছে না সে নিয়েও প্রশ্ন করেন তিনি।

আরও পড়ুন: এবার থেকে ভারতের জাহাজ হরমুজ পেরোলেই টোল নেবে ইরান? বড় খবর

তবে আদালতের নির্দেশে সিবিআই আইনজীবী অমাজিৎ দে রিপোর্ট পেশ করেন। আর সেখানে দেখা যায়, সুদীপ্ত সেনের বিরুদ্ধে অধিকাংশ মামলাতে বিচার প্রক্রিয়া শেষের পথে আর তিনি সম্পূর্ণ জামিনযোগ্য। তবে জামিন দিলেও আদালত বেশ কিছু শর্ত আরোপ করে। পাশাপাশি সারদা ও তালুকদার কমিটির মাধ্যমে বাজার থেকে তোলা টাকার হিসাব আর আমানতকরীদের বকেয়া কত সেই সংক্রান্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে তলব করা হয়। এক কথায়, ২০১৩ সাল থেকে ২০২৬ টানা ১৩ বছর জেলবন্দি থাকার পর অবশেষে তিনি মুক্তির আলো পেতে চলেছেন।

Leave a Comment