বিক্রম ব্যানার্জী, কলকাতা: সমুদ্রে ডুবিয়ে দেওয়া হলো বিশ্বের দ্রুততম ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটসকে (SS United States)। রিপোর্ট অনুযায়ী, জাহাজটিকে আমেরিকার ফ্লোরিডা উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে গোটা জাহাজটি সমুদ্রের তলদেশে প্রবাল প্রাচীরের অংশ হয়ে উঠেছে। আগামী দিনে এই জাহাজ সমুদ্রের তলদেশে ডুবোজাহাজ দেখতে যাওয়া পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে সে কথা বলার অপেক্ষা রাখে না।
ঐতিহাসিক জাহাজ এখন সমুদ্রের তলদেশে
গত বুধবার, প্রায় এক হাজার ফুট উচ্চতার জাহাজটিকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছিল। জানা যায়, প্রথমে জাহাজটির ভেতরে থাকা যাবতীয় প্রয়োজনীয় জিনিস ও অন্যান্য সামগ্রী বের করে এনে সেটিকে ফাঁপানো হয়। তারপরেই সমুদ্রের নিচে স্কাটলিং প্রক্রিয়ায় জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে জাহাজটিতে ধীরে ধীরে জল ঢুকতে থাকে, পরবর্তীতে সেটি ভারী হয়ে গেলে মেক্সিকো উপসাগরের একেবারে নিচে চলে যায়।
এখন প্রশ্ন, ঠিক কোন কারণে ডুবিয়ে দেওয়া হলো এই ঐতিহাসিক জাহাজটিকে? আসলে দীর্ঘদিন ধরেই এই জাহাজটি একেবারে অব্যবহিত অবস্থায় পড়েছিল। বিভিন্ন সময়ে বহু উদ্যোক্তা জাহাজটিকে পুনরুদ্ধার এবং সংরক্ষণ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। যার ফলে দীর্ঘ সময় ধরে ওই জাহাজটি ফিলাডেলফিয়া বন্দরে নোঙর করে ছিল। জানা যায়, বছরের পর বছর ধরে জাহাজটির রক্ষণাবেক্ষণের খরচ বেড়েই চলেছিল।
আরও পড়ুন: ছুঁতেও পারেনি কেউ, ১২ বছর আগে আজকের দিনেই বিশ্বরেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা
রিপোর্ট বলছে, দীর্ঘদিন ধরে জাহাজটি নির্দিষ্ট বন্দরে পড়ে থাকায় সেটির রক্ষণাবেক্ষণের খরচ বহন করা সম্ভব হচ্ছিল না অলাভজনক সংস্থা এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেন্সির পক্ষে। যে কারণে পরবর্তীতে 2024 সালে 10 লাখ ডলারে জাহাজটি কিনে নিয়েছিল ফ্লোরিডার ওকালুসা কাউন্টি। এবার তারাই বড় কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির জন্যই জাহাজটিকে মেক্সিকো উপসাগরে ডুবিয়ে দিয়েছে। যদিও জাহাজটিকে ডোবানোর আগে অন্তত এক বছর ধরে জাহাজটিকে পরিবেশের জন্য নিরাপদ অর্থাৎ ইকো ফ্রেন্ডলি করার কাজ চলেছিল।