অনন্যা সরকার, কলকাতা: অক্টোবর মাস পড়তেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) মোবাইল রিচার্জ ব্যবহারকারীদের জন্য দিল সুখবর। ট্রাই টেলিকম কোম্পানিগুলোকে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং নির্দিষ্ট বিক্রয়কেন্দ্রে জরুরি রিচার্জ প্ল্যান (Prepaid Recharge Plan) ও বিশেষ ট্যারিফ ভাউচারগুলি স্পষ্টভাবে প্রদর্শন করার নির্দেশ দিয়েছে (TRAI mandated packs)। গত ১ অক্টোবর থেকে মোবাইল পরিষেবা প্রদানকারীদের জন্য এই আদেশ জারি করা হয়েছে। এর ফলে গ্রাহকরা সাশ্রয়ী রিচার্জ প্ল্যানগুলি শুরুতেই দেখতে পাবেন। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ট্রাই-এর তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। চলুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
‘ট্রাই-ম্যান্ডেটেড প্যাকস’ নামে নতুন সেকশন তৈরি করার নির্দেশ
ট্রাই জানায় যে, তারা লক্ষ্য করে দেখেছে, জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম অপারেটররা তাদের ওয়েবসাইট এবং অ্যাপে প্ল্যানগুলি এমনভাবে প্রদর্শন করে, যা বেশিরভাগ সময় অদৃশ্য থাকে। অর্থাৎ, সংস্থাগুলি প্রথমে ব্যয়বহুল প্ল্যানগুলি দেখায় এবং সাশ্রয়ী ও জরুরি কলিং প্ল্যানগুলি এমনভাবে রাখে যাতে সেগুলোর দিকে প্রথমেই চোখ যায় না। ট্রাইয়ের নির্দেশিকায় বলা হয়েছে যে, টেলিকম অপারেটগুলিকে “ট্রাই-ম্যান্ডেটেড প্যাকস” (TRAI mandated packs) নামে একটি পৃথক দৃশ্যমান ট্যাব বা বিভাগ তৈরি করতে হবে। এতে ট্রাই-এর নির্দেশিত ভাউচারগুলি থাকবে। এই ট্যাবটি প্রতিটি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের প্রিপেইড রিচার্জ বিভাগের শুরুতেই দৃশ্যমান হবে এবং এই তালিকা অন্যান্য প্রধান বিক্রয় কেন্দ্রগুলিতেও স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।
টেলিকম অপারেটরদেরকে বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে ৩০ দিনের মধ্যে, এই নিয়ম পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর অর্থ হলো, এই নির্দেশটি অবশ্যই ১লা নভেম্বরের মধ্যে পালন করতে হবে। ট্রাই (TRAI) অভিযোগ পেয়েছিল যে, কোম্পানিগুলোর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে প্রয়োজনীয় ও সাশ্রয়ী রিচার্জ প্ল্যানগুলো সহজে দেখা যাচ্ছে না। ট্রাই নিজে যখন টেলিকম কোম্পানিগুলোর ওয়েবসাইট ও অ্যাপ পরীক্ষা করে, তখন তারাও দেখতে পায় যে এই প্রয়োজনীয় প্ল্যানগুলো গ্রাহকদের জন্য সহজলভ্য বা সহজে ব্যবহারযোগ্য হতে পারছে না।
আরও পড়ুন: গুগলে যা খুশি সার্চ করছেন? এই বিষয়গুলি খুঁজলেই হতে পারে জেল
সম্প্রতি, ট্রাই (TRAI) টেলিকম অপারেটরদের ভয়েস কল এবং এসএমএস-এর জন্য কম দামে বিশেষ ট্যারিফ ভাউচার ইস্যু করার নির্দেশ দিয়েছে, যা ডেটা পরিষেবার সাথে বান্ডেল করা হবে না। এই নির্দেশ অনুযায়ী, টেলিকম অপারেটরদের শুধুমাত্র ভয়েস কল ও এসএমএস-এর জন্য স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) ইস্যু করতে হবে, যেগুলোতে ভয়েস কল এবং এসএমএস অন্তর্ভুক্ত থাকবে এবং এর মেয়াদ ৩০ দিন বা তার কম হবে।