প্রীতি পোদ্দার, কলকাতা: খাঁটি সর্ষের তেলের (Mustard Oil) স্বাদ একমাত্র পাওয়া যায় বাঙালির হেঁশেলে। ভাজাভুজি থেকে শুরু করে মাছের নানা রেসিপিতে কাঁচা সর্ষের তেল (Cooking Oil) না ছড়ালে সেই ঝাঁঝালো স্বাদটা ঠিক জমে না। এদিকে বাজারে এখন বিভিন্ন ধরনের তেল বেরিয়েছে। সোয়াবিন অয়েল, রাইসব্র্যান অয়েল, ভেজিটেবল অয়েল আর এই তেল গুলিই (Refined Oil) সাধারণত আমরা খাবারে ব্যবহার করি। কিন্তু স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে যে, আদতে স্বাস্থ্যের ক্ষেত্রে সর্ষের তেল নাকি সাদা তেল ভাল? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
সর্ষের তেলের গুণাগুণ
বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী, সর্ষের বীজে রয়েছে তামা, লোহা, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদপিণ্ড ভাল রাখে। এছাড়াও সর্ষের তেল রান্নায় ব্যবহার করলে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ে এবং খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রিত হয়। এছাড়াও সর্ষের তেলের অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের কারণে এটি শরীরে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। সর্ষের তেলে থাকে ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড।
সাদা তেলের বৈশিষ্ট্য
আজকাল যেকোনো ধরনের ভাজাভুজি করার ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় সাদা তেল ব্যবহার করে থাকি। যদিও সাদা তেলের আবার নানা রূপ রয়েছে। অনেকেই আজকাল ডায়েটের খাবার বানাতে সাদা তেল ব্যবহার করে থাকে। কিন্তু পুষ্টিবিদদের মত, সাদা তেল পরিশোধিত। এই তেল তৈরি করতে এবং বার বার পরিশোধন করতে বিভিন্ন রাসায়নিকের ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে সর্ষের তেল বের করতে আলাদা করে রাসায়নিক যোগ করার দরকার হয় না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সাদা তেল নাকি সর্ষের তেল স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এবার সেই প্রশ্নের বড় জবাব পাওয়া গেল বিভিন্ন সমীক্ষায়।
আরও পড়ুন: এই ৪ ঘরোয়া উপায়ে বাড়ি থেকে বাপ বাপ বলে পালাবে আরশোলা!
শরীরের জন্য কোনটি শ্রেষ্ঠ?
গবেষণায় দেখা গিয়েছে যে, সর্ষে দানায় হাইপোগ্লাইসেমিক এবং অ্যান্টিডায়াবিটিক গুণ থাকে। যা রক্তে থাকা গ্লুকোজের স্তর কমাতে সাহায্য করে। এছাড়াও সর্ষেতে প্রচুর পরিমাণে ভিটামিন-এ পাওয়া যায়। যা আমাদের দৃষ্টিশক্তির জন্য ভীষণ ভাল। শুধু চোখ নয়, সর্ষেতে থাকা ভিটামিন, প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড চুলের বৃদ্ধি ঘটাতে ও চুল পড়া কমাতেও বেশ কার্যকরী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই তেল ক্যানসারের ঝুঁকি কমাতে পারে। কিন্তু সাদা তেলে সেরকম কোনো পুষ্টিগুণ নেই। সুতরাং রান্নায় যদি তেল ব্যবহার করতেই হয় তাহলে সর্ষের তেল হল সেরা।