প্রীতি পোদ্দার, কলকাতা: এবারে পুজোর আনন্দে শুরুতেই সামান্য ব্যাঘাত ঘটিয়েছিল বৃষ্টি। ষষ্ঠী, সপ্তমীতে ভারী বৃষ্টি হয়েছিল জেলায় জেলায়। তবে দ্বিতীয় সপ্তমী থেকে আবহাওয়ার চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে। দিনের বেলায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এখন উত্তর (North Bengal) থেকে দক্ষিণবঙ্গে (South Bengal)। আগামীকাল (Weather Tomorrow) বুধবারও এমনই আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কিন্তু প্রশ্ন উঠছে লক্ষ্মীপুজোর দিন কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গে? কী বলছে হাওয়া অফিস?
আজকের আবহাওয়া
আজ, মহানবমীর দিন সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া ছিল। লক্ষ্মীপুজোর দিনও আবহাওয়া নিয়ে বড় কোনও সতর্কবার্তা নেই। আগামী সাত দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল বুধবার দশমীর দিন সকাল থেকেই রোজ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে কলকাতার সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায়। নবমীর মতোই দশমীতেও হবে না বৃষ্টি। দিনভর গোটা রাজ্যেই শুকনো আবহাওয়া বজায় থাকবে। তাই ছাতা বা রেনকোটের ঝক্কি ছাড়াই দশমীর ভাসান অনুষ্ঠানে থাকতে পারবেন সকলে। হাওয়া অফিস জানিয়েছে, লক্ষ্মীপুজোতেও বৃষ্টির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। ফলে আগামী বেশ কয়েকদিন রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে গোটা রাজ্যে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল দশমীর দিন কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশে সাদা শরতের মেঘ দেখা যাবে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গুমোট ভাব না থাকার সম্ভাবনা বেশি। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: রাজ্যে স্ট্যাম্প পেপারের আকাল! বাড়ছে বিতর্ক, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী বেশ কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মাঝে মধ্যে আংশিক কালো মেঘ দেখা গেলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই এইসময় দার্জিলিং-সহ পাহাড়ি এলাকায় যদি ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা থাকে তাহলে নির্দ্বিধায় বেরিয়ে পড়ুন।