বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাত্রীদের মধ্যে চাহিদা তুঙ্গে, ভারতীয় রেলের (Indian Railways) সোনার ডিম পাড়া হাঁস হয়ে উঠেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই সেমি হাইস্পিড ট্রেনের (High Speed Rail) কারণেই দেশের বহু যাত্রী রেলমুখী হয়েছেন। শুধু তাই নয়, যাত্রী সংখ্যা বাড়ানোর সাথে সাথে ভারতীয় রেলের রাজস্বও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বন্দে ভারত। দিন দিন এই ট্রেনের জনপ্রিয়তা বাড়ার ফলে নতুন করে আরও একাধিক বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেলওয়ে। সবচেয়ে বড় কথা, আজ পর্যন্ত যত জন যাত্রী বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণ করেছেন প্রায় সকলেরই অভিজ্ঞতা একেবারে অসাধারণ।
বন্দে ভারতের বিপুল চাহিদার কারণে বাড়ছে রেল নেটওয়ার্ক
বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে। এবার দেশের অভ্যন্তরে সেই নেটওয়ার্ক এর পরিধি বাড়াতে চলেছে ভারতীয় রেলওয়ে। রেলের রিপোর্ট অনুযায়ী, আজ পর্যন্ত এ নিয়ে 9.1 কোটিরও বেশি যাত্রী ভারতীয় রেলের গর্বের ট্রেন বন্দে ভারতে ভ্রমণ করে ফেলেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 2019 সালে প্রথমবারের মতো দেশে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর চলতি বছরের মার্চ মাসের মধ্যে এই ট্রেন 1 লাখের বেশি যাত্রা সম্পন্ন করেছে।
ভারতীয় রেলের বিশেষজ্ঞ মহল মনে করছেন, 2026 আর্থিক বছরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অনুমান করা হচ্ছে, অন্তত 39.8 মিলিয়ন যাত্রী বন্দে ভারত নেটওয়ার্ককে যাতায়াত করবেন। এর অর্থ গত আর্থিক বছরের তুলনায় এবারের আর্থিক বছরে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী সংখ্যা বাড়তে চলেছে প্রায় 34 শতাংশের কাছাকাছি।
বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে ভারতীয় রেলের বন্দে ভারত এক্সপ্রেস নেটওয়ার্কের সবচেয়ে ব্যস্ততম রূট নয়া দিল্লি-বারাণসী। রিপোর্ট বলছে, উদ্বোধন হওয়ার পর থেকে আজ পর্যন্ত 7.3 মিলিয়ন অর্থাৎ 73 লাখেরও বেশি মানুষ এই রুটে বন্দে ভারত এক্সপ্রেসে করে যাতায়াত করেছেন। সবচেয়ে বড় কথা, বছরের পর বছর এই একটি মাত্র ট্রেন থেকে আয় বৃদ্ধি পাচ্ছে ভারতীয় রেলের।
অবশ্যই পড়ুন: নালায় পাইপের কাজ করতে গিয়ে ৯৮ কোটির গুপ্তধন পেয়েও হাতছাড়া হল যুবকের
বন্দে ভারত থেকে দিন দিন আয় বাড়ছে রেলের
বিজনেস টুডের রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে এই মুহূর্তে 162টি বন্দে ভারত এক্সপ্রেস চালু রয়েছে। বিভিন্ন রুট মিলিয়ে এই ট্রেনগুলি থেকে বিপুল পরিমাণ অর্থ ঘরে তোলে ভারতীয় রেল। আয়ের পরিসংখ্যান অনুযায়ী, 2025 আর্থিক বছরে বন্দে ভারত এক্সপ্রেসের এসি ত্রি টায়ার থেকে ভারতীয় রেলের লাভ হয়েছে 3,645.44 কোটি টাকা। যেখানে 2023 আর্থিক বছরে এই লাভের পরিমাণটা ছিল 3,300.08 কোটি। অন্যদিকে এসি চেয়ার কার থেকে 2025 আর্থিক বছরে ভারতীয় রেলের লাভ হয় 376.77 কোটি টাকা। তবে 2023 আর্থিক বছরে এই লাভ ছিল 297.62 কোটি। তবে অর্ডিনারি ক্লাস বা সাধারণ কামরার ক্ষেত্রে লোকসান দেখা দিয়েছে ভারতীয় রেলের।