আনিষা চৌধুরী, কলকাতা: প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের জন্য ট্রেনের উপর নির্ভর করেন। কেউ কাজে যান, কেউ পড়াশোনার জন্য, আবার কেউ প্রয়োজনীয় কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছন। ট্রেনে (Railway) সফরের সময় স্টেশনে (Station) ঢোকার মুখে প্রায় প্রত্যেকেরই চোখে পড়ে হলুদ রঙের বোর্ড, যার উপর কালো হরফে লেখা থাকে স্টেশনের নাম। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, কেন এই বোর্ডের রং হলুদ হয়? লাল, নীল, সাদা অথবা গোলাপী ইত্যাদির মতো অন্য কোনও রং ব্যবহার করা হয় না কেন? এর পিছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। এবার জেনে নিন আসল কারণ।
হলুদ বোর্ডের ব্যবহারের আসল কারণ
প্রথমত, হলুদ রং দূর থেকে সহজে চোখে পড়ে। এই রঙের উজ্জ্বলতা তুলনামূলক বেশি হওয়ায় অনেকটা দূর থেকেও বোর্ডটি দেখতে পাওয়া যায়। তার উপর কালো রঙের অক্ষর থাকায় স্টেশনের নাম পড়তেও সুবিধা হয়। হলুদ ও কালোর এই বৈপরীত্য বোর্ডটিকে আরও স্পষ্ট করে তোলে।
দ্বিতীয়ত, ট্রেনের চালকদের জন্য এই বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেশনে ঢোকার আগেই দূর থেকে বোর্ড দেখে তাঁরা বুঝতে পারেন কোন স্টেশনে পৌঁছচ্ছেন। সেই অনুযায়ী ট্রেনের গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সুবিধা হয়। থ্রু ট্রেন অর্থাৎ যে ট্রেন কোনও স্টেশনে না থেমে চলে যায়, সেই ট্রেনের চালকদেরও স্টেশন চিহ্নিত করতে সাহায্য করে এই বোর্ড।
তৃতীয়ত, কুয়াশা বা কম আলো রয়েছে এমন পরিস্থিতিতেও হলুদ রঙের বোর্ড তুলনামূলকভাবে সহজে নজরে আসে। ফলে যাত্রী থেকে শুরু করে রেলকর্মী, সকলেরই স্টেশন চিনতে সুবিধা হয়। তবে শুধু রং নয়, বোর্ডে লেখা অক্ষরের আকার এবং স্পষ্টতাও গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ভারতের অযোধ্যা থেকে নেপালের জনকপুর, চালু হচ্ছে নতুন রেল পরিষেবা, উদ্বোধন কবে?
এছাড়া ভারতীয় রেলের ওয়ার্কস ম্যানুয়ালে স্টেশনের নামের বোর্ডে কালো অক্ষরের সঙ্গে ট্রাফিক ইয়োলো রং ব্যবহারের কথা বলা হয়েছে। একইসঙ্গে রাতে বোর্ড যাতে স্পষ্ট দেখা যায়, তার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, বোঝাই যাচ্ছে হলুদ-কালো রঙের এই বোর্ড শুধু পরিচিতির জন্য নয়, যাত্রীদের সুবিধা এবং রেল চলাচলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।