প্রীতি পোদ্দার, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নির্দেশের পর প্রথম গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। ১৮ বছরের নিচে নাবালিকার সন্তাব প্রসবের ঘটনা সামনে আসতেই দ্রুত পদক্ষেপ পুলিশের। জানা গিয়েছে, বাল্যবিবাহ (Child Marriage) আইনের আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে গড়বেতায়।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা এলাকার বাসিন্দা ২১ বছরের রাহুল মণ্ডল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় ১৭ বছরের এক নাবালিকার। পরবর্তীকালে সে গর্ভবতী হন। দিন চারেক আগে প্রসব যন্ত্রণা নিয়ে চন্দ্রকোনা রোডের এক বেসরকারি নার্সিংহোমে তাকে তড়িঘড়ি ভর্তি করানো হয়েছিল। ওই হাসপাতালেই এক সন্তানের জন্ম দেন ওই নাবালিকা গৃহবধূ। এরপরে নার্সিংহোমের তরফে বিষয়টি জানানো হয় থানায়। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গড়বেতা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় নাবালিকার স্বামীকে।
কী বলছেন পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার?
পুলিশ সূত্রে খবর, সন্ধিপুর এলাকা থেকে নাবালিকার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মাধ্যমে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে রাহুল মণ্ডলের সঙ্গে ওই নাবালিকার বিয়ে হয়েছিল। এরপরই নাবালিকা অন্তঃসত্ত্বা হন। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, ‘মুখ্যমন্ত্রী বাল্যবিবাহ কিংবা অল্প বয়সে গর্ভবতী না হওয়ার বিষয়ে যথেষ্ট সচেতন রয়েছেন। নাবালিকার সন্তান প্রসবের কথা জানার পরেই আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করি। নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ রকম পদক্ষেপ সবসময়ই নেওয়া হবে। এরকম গ্রেপ্তার জেলায় প্রথম।’
আরও পড়ুন: জলপাইগুড়িতে বৃহন্নলা কুঠিতে BSF-র অভিযান, আগ্নেয়াস্ত্র-বাংলাদেশি সিম সহ গ্রেফতার গুরুমা
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, “আঠারো বছরের নিচে বিবাহতে পশ্চিমবঙ্গ প্রথম। কোন জমানায় বসে আছেন? প্রথমে বিবাহিত নাবালিকাদের স্বামীদের জেলে ঢোকাতে হবে। এই সরকার কিন্তু ছাড়বে না। থামাতে হবে। বাড়ি বাড়ি থেকে তুলে আনব। এই স্বামীদের শোকজ চিঠি পাঠানো হবে। দেখাতে হবে মহিলার বয়স ১৮ হয়েছে। আর আঠারো বছরের নিচে বিয়ে করলে তো আগেই পকসো আইনে জেলে যাবে।” এবার সেই নির্দেশ অনুযায়ী প্রথম গ্রেপ্তার করা হল পশ্চিম মেদিনীপুর থেকে।