২১ বছরে ২৫ বার বদলি, এবার ভেজালের বিরুদ্ধে সরব হয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে IAS

অনন্যা সরকার, মহারাষ্ট্র: আরও একবার খবরের শিরোরামে মহারাষ্ট্র ক্যাডারের জনপ্রিয় আইএএস অফিসার এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর কমিশনার তুকারাম মুন্ধে (IAS Tukaram Mundhe)। তিনি তাঁর কঠোর সিদ্ধান্ত এবং দ্রুত পদক্ষেপের জন্য ইতিমধ্যেই সারাদেশে বেশ সুপরিচিত। এহেন তুকারাম মুন্ধে তাঁর ২১ বছরের প্রশাসনিক জীবনে ২৫ বার বদলি হয়েছেন। ভেজাল দুধ থেকে শুরু করে স্কুলের কাছে জাঙ্ক ফুড বিক্রি বা নিয়ম ভঙ্গকারী হোটেলগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে কঠোর ব্যবস্থা নিতে দেখা গেছে তাঁকে। তবে, এখন তাঁর কোনো নোটিশ ছাড়াই তাৎক্ষণিকভাবে লাইসেন্স বাতিল করার পদ্ধতি (Amazon Case) বোম্বে হাইকোর্টে (Bombay High Court) তীব্র সমালোচিত হয়েছে। কী ঘটনা ঘটেছে আসুন বিশদে জেনে নিই। 

হাইকোর্টে কটাক্ষের শিকার তুকারাম মুন্ধে

সম্প্রতি এফডিএ ভিওয়ান্ডির অ্যামাজন রিটেল ইন্ডিয়ার (Amazon Retail India) গুদামে অভিযান চালিয়ে প্রায় দেড় টন মেয়াদোত্তীর্ণ ও নষ্ট খাবার বাজেয়াপ্ত করেছে। এর পরদিনই এফডিএ কোনো সংশোধনের নোটিশ জারি না করেই গুদামটির লাইসেন্স সাসপেন্ড করে দেয়। এরপর অ্যামাজন কর্তৃপক্ষ এফডিএ-এর এই পদক্ষেপের বিরুদ্ধে আপিল করে। তাদের এই আবেদনটি বিচারাধীন থাকা অবস্থাতেই গত ১ জুলাই একটি শো কজ নোটিশ জারি করা হয় এবং লাইসেন্সটি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়। 

আরও পড়ুন: প্রথমে ১০ হাজার, পরে ২ লাখ! এই মহিলাদের টাকা দিচ্ছে রাজ্য সরকার, কীভাবে আবেদন?

এই মামলার শুনানিতে বোম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগে এবং বিচারপতি গৌতম আঙ্কারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এফডিএ-র এই পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। প্রথমে এফডিএ-র উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি আদালত মন্তব্য করে, এফডিএ তাদের নিয়মাবলীগুলি আগ্রাসীভাবে প্রয়োগ করে ‘তলোয়ার দিয়ে মশা মারার চেষ্টা করছে’। এরসাথে যদিও আদালত জানায়, আইনানুগ পদ্ধতি অবশ্যই অনুসরণ করা উচিত। তবে, এই কড়া পদক্ষেপের নিন্দা করেছেন ভারপ্রাপ্ত বিচারপতি। 

আরও পড়ুন: স্বাধীনতার পর এই প্রথম, ১৫ আগস্ট বন্দে মাতরম গানটিকে বিশেষ সম্মান দেবে কেন্দ্র

জানিয়ে রাখি, গত মে মাসে তুকারাম মুন্ধে এফডিএ প্রধান হওয়ার পর থেকেই গোটা মহারাষ্ট্রে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। অ্যামাজনের ওয়্যারহাউস ছাড়াও, এফডিএ সম্প্রতি আইআইটি বোম্বের (IIT Bombay)  ১ এবং ২ নং হোস্টেলের মেস পরিদর্শন করেছে। উভয় মেসই রেজিস্ট্রেশন এবং  বৈধ সরকারি অনুমতিপত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে। তাই মেসগুলোকে অবিলম্বে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ১২, ১৩ ও ১৪ নং হোস্টেলের মেসগুলোর পরিচালন ব্যবস্থায় ত্রুটি মেলায় সেখানকার ক্যাটারারদেরকে মানোন্নয়নের জন্য নোটিশ জারি করেছে এফডিএ।

Leave a Comment