আনিষা চৌধুরী, কলকাতা: গরমের দিনে লাউয়ের বিকল্প নেই। গরমে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই সবজির তালিকায় লাউকে সবার আগে রাখেন। এখন আর এই লাউ খেতে গেলে বাজারে ছুটতে হবে না। বাড়িতেই ফলানো যাবে তরতাজা সবুজ লাউ (Gourds Cultivation)। লাউ ফলানোর জন্য বড়সড় জমি বা বাগান কোনটারই দরকার নেই। বাড়ির ছাদ, বারান্দা কিংবা উঠোনে সামান্য জায়গা থাকলেই বড় টবে ভালোভাবেই লাউয়ের চাষ করা সম্ভব। শুধু প্রয়োজন কয়েকটি জিনিসের, পর্যাপ্ত রোদ, ঝুরঝুরে মাটি, নিয়মিত জল এবং লতার বেড়ে ওঠার জন্য একটি ভালো অবলম্বন। সামান্য একটু যত্ন নিলেই সেই ছোট্ট জায়গাতেই ধীরে ধীরে লাউয়ের লতা চারিদিকে ছড়িয়ে পড়বে, আসবে ফুল ও ফল।
লাউ চাষের নিয়মাবলী
প্রথমেই যে বিষয়গুলির উপর নজর দিতে হবে সেটি হল জায়গা ও মাটি। লাউয়ের গাছের জন্য প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা রোদ পাওয়া যায়, এমন জায়গা বেছে নেওয়া ভালো। টবের মাটি যেন শক্ত না হয় এবং অতিরিক্ত জল জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। বীজ সরাসরি পোঁতার আগে যদি এক রাত জলে ভিজিয়ে রাখা যায়, তাহলে অঙ্কুরোদ্গমে সুবিধা হবে। পরের দিন ১ থেকে ২ ইঞ্চি গভীরে কয়েকটি বীজ পুঁতে হালকা আর্দ্রতা বজায় রাখুন। সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যে চারা দেখা যায়। তখন সবথেকে ভালো, স্বাস্থ্যকর চারাটি রেখে বাকিগুলি সরিয়ে দেওয়া যেতে পারে।
লাউয়ের লতা খুব দ্রুত বাড়ে। তাই চারা একটু বড় হলেই বাঁশ, জালি বা দড়ির সাহায্যে মাচার মতো একটা ব্যবস্থা করে দিন। এতে লতা মাটিতে ছড়িয়ে না পড়ে উপরের দিকে বাড়তে পারবে এবং ফলও মাটির সংস্পর্শ থেকে দূরে থাকবে। জল দেওয়ার সময়ও ভারসাম্য বজায় রাখা জরুরি। মাটি শুকিয়ে এলে জল দিন, তবে টবে যেন জল দাঁড়িয়ে না থাকে, অর্থাৎ অতিরিক্ত জল দেওয়া যাবে না এতে গোড়া পচে যেতে পারে। পাশাপাশি ২-৩ সপ্তাহ অন্তর জৈব সার দিলে গাছ প্রয়োজনীয় পুষ্টি পেতে পারে। শুকনো বা হলুদ পাতা নিয়মিত সরিয়ে ফেলুন এবং পোকামাকড় দেখা দিলে দ্রুত প্রাকৃতিক উপায়ে তার পরিচর্যা করতে হবে।
আরও পড়ুন: ভারতে বেড়েছে দাম, পাকিস্তানে চিনির পাহাড়! অল্প মূল্যেও বিক্রি করতে পারছে না ইসলামাবাদ
কখন তুলবেন নিজের ফলানো লাউ? যথাযথ পরিচর্যা পেলে সাধারণত প্রায় ৬০ থেকে ৮০ দিনের মধ্যে লাউ সংগ্রহের উপযোগী হয়ে উঠতে পারে। লাউ খুব বড় হয়ে যাওয়ার অপেক্ষা না করে প্রায় ৮ থেকে ১২ ইঞ্চি আকারে থাকতেই তুলে নেওয়া ভালো। এতে একদিকে নরম ও তাজা লাউ পাওয়া যায়, অন্যদিকে গাছও পুনরায় ফল ধারনের উপযোগী হয়ে ওঠে।