বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার, দুদিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ বিকেল পৌনে চারটে নাগাদ তারকেশ্বরের পবিত্র ভূমিতে পা রাখবেন প্রধানমন্ত্রী। সেখানেই পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ওই এক মঞ্চ থেকে কৃষকদের জন্য নানান সামাজিক প্রকল্পের সূচনা করার পাশাপাশি বেশ কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ তারকেশ্বরের মাটিতে রেল প্রকল্পের সূচনার কথা রয়েছে নরেন্দ্র মোদির হাত ধরে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ বাংলায় কোন কোন প্রকল্প সূচনা হবে দেশের চৌকিদারের হাত ধরে।
এই সব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
জানা যাচ্ছে, আজ অর্থাৎ শনিবারই পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে হাওড়ায় 99 কোটি টাকা ব্যয় করে তৈরি হতে যাওয়া 300 শয্যা বিশিষ্ট নতুন বিভাগীয় রেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রীর হাত ধরে সূচনা হতে চলা রেলের বিভাগীয় হাসপাতালের সাথে সাথে সেখানে থাকবে উন্নত ডায়াগনস্টিক সেন্টার, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, স্পেশাল ক্লিনিক পরিষেবা সহ একাধিক সুবিধা।
মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একবার হাওড়ায় রেল বিভাগীয় হাসপাতাল তৈরি হয়ে গেলে সেখানে হাজার হাজার রেল কর্মী সহ তাঁদের পরিবারের সদস্য এমনকি রেলের পেনশনভোগীরাও বিশ্বমানের চিকিৎসা পাবেন। উপকৃত হবেন রেলের নিচুস্তরের কর্মীরাও।
এছাড়াও, আজ প্রধানমন্ত্রীর হাত ধরে পূর্ব মেদিনীপুরের হাউর ও রাধামোহনপুরের মধ্যেকার একটি রেল ওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে। আসলে জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধি এবং স্থানীয় ট্রাফিক জ্যাম আটকাতেই এই রেল ব্রিজ তৈরি করতে চলেছে ভারতীয় রেল। যা এতদিন পূর্ব মেদিনীপুরের স্থানীয় বাসিন্দারা দাবি করে এসেছিলেন। জানা যাচ্ছে, 71 কোটি টাকা খরচ করে তৈরি হবে এই রেল ওভার ব্রিজ। এর পাশাপাশি আজই যাত্রীদের সুবিধার্থে হাওড়ার কৌশলগত সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।
অবশ্যই পড়ুন: সই জাল কাণ্ডে এবার CID-র তদন্তের মুখে শোভনদেব চট্টোপাধ্যায়..
421 কোটি টাকা খরচ করে তৈরি হওয়া এই লিঙ্ক লাইন ক্রমবর্ধমান লজিস্টিক চাহিদা পূরণের পাশাপাশি বাড়াবে ট্রেনের পরিচালন ক্ষমতা। শুধু তাই নয়, আঞ্চলিক ট্রেন চলাচলকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দৈনিক যাতায়াতের সময়ও অনেকটাই কমে আসবে এই নতুন রেল লিঙ্ক লাইনের দৌলতে। এগুলির পাশাপাশি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 23 তম কিস্তির অর্থ বিতরণ থেকে শুরু করে গ্রামীণ সড়ক মৎস্য শিল্প, পশু পালনীয় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। শনিবারের কর্মসূচি শেষ করে আগামীকাল অর্থাৎ রবিবার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন মোদি।