আনিষা চৌধুরী, কলকাতা: হঠাৎ কোনও জরুরি দরকারে এখনই বিদেশ যেতে হবে, অথচ হাতে নেই পাসপোর্ট (Passport)? এমন পরিস্থিতি তৈরি হলে, সেই সময় সাধারণ পদ্ধতিতে দ্রুত নতুন পাসপোর্ট পাওয়া কার্যত অসম্ভব। হাতে সময় কম থাকায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে পারেন। তবে এই জন্য বিদেশ যাওয়া আটকে যাবে এমনটা কিন্তু একেবারেই নয়। দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য রয়েছে তৎকাল পরিষেবা। এই ব্যবস্থায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে তুলনামূলক কম সময়ে পাসপোর্ট হাতে পাওয়া সম্ভব। তাই শেষ মুহূর্তে বিদেশ যাওয়ার প্রয়োজন হলে কীভাবে তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করবেন, কোন নথিগুলি প্রয়োজন এবং কী কী বিষয় মাথায় রাখতে হবে, তা জেনে নেওয়া জরুরি।
কত দ্রুত পাওয়া যায় পাসপোর্ট?
তৎকাল পরিষেবার মাধ্যমে আবেদন করলে সাধারণ পদ্ধতির তুলনায় অনেকটাই কম সময়ে পাসপোর্ট পাওয়া যেতে পারে। এই তৎকাল পরিষেবার তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া ও অন্যান্য সমস্ত বিষয়গুলি ঠিকঠাক থাকলে প্রায় ১ থেকে ৩ দিনের মধ্যেই পাসপোর্ট হাতে পাওয়া যেতে পারে। তবে সমস্যা একটাই, তৎকাল পরিষেবার জন্য সাধারণ আবেদনের তুলনায় অতিরিক্ত টাকা দিতে হয়। অর্থাৎ দ্রুত পরিষেবার সুবিধা নিতে গেলে খরচও কিছুটা বেশি পড়বে। যখন হাতে একদম সময় নেই, এইরকম জরুরি পরিস্থিতিতেই মূলত এই পরিষেবা ব্যবহার করা হয়।
আবেদনের আগে কী কী নথি প্রয়োজন?
তৎকাল পাসপোর্টের আবেদন করার আগে প্রয়োজনীয় নথিগুলি প্রস্তুত রাখা দরকার। আধার কার্ড বা ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ব্যাঙ্কের পাসবুক, জন্মের শংসাপত্র, বিদ্যুতের বিল এবং পাসপোর্ট সাইজ ছবি এগুলি প্রয়োজন হয়। আবেদন করার সময় দেওয়া তথ্যের সঙ্গে নথিগুলির তথ্যের মিল থাকা অত্যন্ত জরুরী। কোনও তথ্য ভুল থাকলে বা প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে জমা না দিলে আবেদনের প্রক্রিয়ায় সমস্যা তৈরি হতে পারে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে দুর্যোগ কাটতেই উত্তরে বাড়ছে বৃষ্টির দাপট, জারি সতর্কতা, আগামীকালের আবহাওয়া
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
প্রথমে পাসপোর্ট পরিষেবার সরকারি পোর্টালে গিয়ে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর লগ-ইন করতে হবে। এরপর ‘Apply for Fresh Passport/Reissue of Passport’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদনের সময় সাধারণ পরিষেবার পরিবর্তে তৎকাল (Tatkal) অপশনটি বেছে নিতে হবে। নথি আপলোড করে নির্ধারিত তৎকাল ফি অনলাইনে জমা দেওয়ার পর নিজের নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্রের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নির্দিষ্ট দিনে সময়মতো কেন্দ্রে যেতে হবে এবং নিজের সমস্ত আসল ডকুমেন্ট বা নথি সঙ্গে রাখতে হবে। নথি যাচাই এবং প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় কোনও সমস্যা না থাকলে তবেই দ্রুত পাসপোর্ট পাওয়া সম্ভব।