সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কাজে আর গাফিলতি নয়। বিভিন্ন দফতরে দীর্ঘদিন ধরেই ফাইল আটকে থাকার সংস্কৃতিতে রাশ টানতে এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এখন থেকে অন্য দফতর থেকে আসা যে কোনও চিঠি বা ফাইল সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে বলে জানিয়েছে নবান্ন (Nabanna)। প্রশাসনিক কাজে গতি আনতে এবং দফতরগুলির মধ্যে সমন্বয়ের অভাব দূর করতেই এই সিদ্ধান্ত। এমনকি এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগারওয়াল।
সরকারি কাজে গতি আনতে নয়া পদক্ষেপ নবান্নের
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক দফতরের পাঠানো ফাইল অন্য দফতরে মাসের পর মাস অনুমোদনের অপেক্ষায় পড়ে থাকা ঘটনা নতুন নয়। তবে সামান্য মতামত বা আনুষ্ঠানিক সম্মতির অভাবে বহু গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প এবং সরকারি কর্মসূচি দীর্ঘদিন ধরে থমকে থাকে। এমনকি অনেক ক্ষেত্রে অর্থ বরাদ্দে জটিলতা সৃষ্টি হয়। দফতরগুলির এই সমন্বয়ের অভাবেই এবার ক্ষোভ প্রকাশ করেছে নবান্ন।
এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে নির্দেশিকা। সেই অনুযায়ী, অন্য যে কোনও দফতর থেকে আসা নথি বা ফাইল সাধারণত ৭ কার্যদিবসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে বলে জানানো হয়েছে। এমনকি দীর্ঘদিন ধরে জমে থাকা অমীমাংসিত ফাইলের ওপর নজর রাখতে প্রতিটি দফতরকে বিশেষ নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর সঙ্গে প্রতিটি দফতরের সচিবদের নিয়মিত পর্যালোচনা বৈঠক করে কাজের অগ্রগতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নভেম্বরে ৭৪৫টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, উপকৃত হবেন বাংলার যাত্রীরাও
সেক্ষেত্রে যদি নির্দিষ্ট দফতরগুলির মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে কোনও ফাইলের সম্মতি বা অনুমোদন না হয়, তাহলে সেই ফাইল ফেলে রাখা যাবে না। দ্রুত মুখ্য সচিবের নজরে আনতে হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সবিচালয় ম্যানুয়াল এবং সরকারি কাজ পরিচালনার নির্ধারিত নিয়মাবলি কঠোরভাবে মেনে যাবতীয় প্রশাসনিক চিঠিপত্র এবং ফাইলের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের দাবি, এই পদক্ষেপের ফলে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পাবে এবং সাধারণ মানুষের মধ্যে সরকারি প্রকল্পের সুবিধা খুব দ্রুত পৌঁছে যাবে।