প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। তাই ভোটের হাওয়ায় বেশ সরগরম রাজ্য রাজনীতি। আর এই ব্যস্ততার মাঝেই নবান্ন WBCS আধিকারিকদের জন্য নিয়ে এল এক বড় সুখবর। নির্বাচনের আগে তাঁদের জন্য তৈরি করা হল বাড়তি পদ। বুধবার পদবৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna)। জানা গিয়েছে, রাজ্যের কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার বিষয়ক দপ্তরের সচিব ‘রাজ্যপালের নির্দেশক্রমে’ এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।
বাড়তি পদ তৈরি করল রাজ্য সরকার
বিধানসভা ভোটের আগে WBCS আধিকারিকদের জন্য বাড়তি পদ তৈরি করল রাজ্য সরকার। গতকাল অর্থাৎ বুধবার পদবৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে। জানা গিয়েছে, ডব্লিউবিসিএস ক্যাডারে যুগ্মসচিব স্তরে ১০০টি অতিরিক্ত পদ যুক্ত করা হয়েছে, যেখানে আগে জয়েন্ট সেক্রেটারি ও সমতুল পদ ছিল ২৫০টি পদ এবং বিশেষ সচিব বা স্পেশাল সেক্রেটারি ও সমতুল পদ ছিল ১০০টি। সেখানে ৪০টি অতিরিক্ত পদ তৈরি করায় মোট হল ১৪০। একইসঙ্গে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরেও পদের সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রোমোশনের জট কাটতে চলেছে!
নবান্নের এই বড় পদক্ষেপ ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে প্রশাসনিক মহলে। তাঁদের মতে, এতে ধারাবাহিক প্রোমোশনের রাস্তায় দীর্ঘদিনের জট অনেকটাই কাটবে। আসলে দীর্ঘদিন ধরে প্রোমোশন জট ও উচ্চপদে পৌঁছনোর সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ ছিল। বলা চলে, বামফ্রন্ট সরকার থাকাকালীনও এই দাবি তোলা হয়েছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। তবে এবার এই ঘোষণার মাধ্যমে সমস্যা লাঘব করাই হল মূল লক্ষ্য। একই সঙ্গে রাজ্য ক্যাডারের মনোবল চাঙ্গা করতে রাজনৈতিক বার্তাও স্পষ্ট।
আরও পড়ুন: এসএসসি দুর্নীতিতে তৃণমূল বিধায়কসহ বাকিদের ৫৭.৭৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগেই অতিরিক্ত পদ তৈরির আবেদন জানিয়েছিলেন WBCS আধিকারিকরা। আর সেই আবেদনে মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার তাই বিধানসভা ভোটের আগেই সেই প্রতিশ্রুতি কার্যকর হল। নবান্ন সূত্রের খবর এই উদ্যোগের ফলে WBCS আধিকারিকদের একটি বড় অংশ উপকৃত হবে।