প্রীতি পোদ্দার, কলকাতা: সরস্বতীপুজো মিটতে না মিটতেই ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এখন শীতের আমেজ শুধু নামমাত্রই টিকে আছে ভোর এবং সন্ধ্যেয়। বেলা বাড়লেই সোয়েটার কিছুতেই গায়ে রাখা যাচ্ছে না। কারণ আপাতত স্বাভাবিকের উপরেই রয়েছে দক্ষিণের (South Bengal) পারদ। তবে আজ ২৭ জানুয়ারি দক্ষিণবঙ্গের কিছু জেলার তাপমাত্রা হালকা নেমেছে। আবহাওয়া দফতর জানাল, আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রায় বড়সড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কিছু কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা থাকবে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে শুরু করেছে। এ ছাড়াও, জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় নতুন করে সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ক্রমেই বাড়ছে পারদ। হাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী সাত দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও রয়েছে একই পূর্বাভাস। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় হালকা শীত এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। শীতের আমেজ শুধু নামমাত্রই অনুভব করা যাবে ভোর এবং সন্ধ্যে বেলায়। অন্যদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গেই হালকা ঘাম হতে পারে শহরবাসীর। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী এক সপ্তাহ দক্ষিণের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণে পারদের মান বাড়লেও উত্তরবঙ্গে শীতের দাপট বজায় থাকবে। আগামীকাল অর্থাৎ বুধবার উত্তরবঙ্গের সমগ্র জেলায় শীতল এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা প্রবল। একই সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। থাকবে ঘন কুয়াশার দাপট।