সৌভিক মুখার্জী, কলকাতা: দেখতে দেখতে জানুয়ারি মাস শেষের পথে। তবে ফেব্রুয়ারি মাসের শুরুতেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম (February Month Rules Change)। হ্যাঁ, গ্যাসের দাম থেকে শুরু করে সিগারেটের দাম, FASTag এর নিয়মে আসছে বড়সড় বদল। আর এগুলি সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের বাজেটে। তাই ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কোন কোন নিয়মে পরিবর্তন আসছে তা আগেভাগেই জেনে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন
প্রতি মাসের প্রথম দিন তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পুনঃনির্ধারণ করে। সেই মতো ফেব্রুয়ারি মাসের ১ তারিখেও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে পারে বা কমতে পারে। আর সবথেকে বড় ব্যাপার, এই দিন কেন্দ্রীয় বাজেট রয়েছে। যার ফলে গ্যাসের দামে বড়সড় প্রভাব পড়তে পারে। অনেকেই মনে করছে, এদিন হয়তো গৃহস্থলীর এলপিজি সিলিন্ডারের দাম অনেকটাই কমতে পারে। এতে সাধারণ মানুষই সুরহা পাবে।
FASTag এর নিয়মে বদল
বর্তমানে হাইওয়ে টোল প্লাজায় FASTag ব্যবহার করা হয়। এমনকি এখন FASTag বার্ষিক পাস দিয়েই সবাই টোল প্লাজা অতিক্রম করে। তবে এবার থেকে জিপ, গাড়ি বা ভ্যানের FASTag এর জন্য কেওয়াইসি ভেরিফিকেশন বন্ধ করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আর এটি ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে। এর ফলে সাধারণ মানুষ সুবিধা পাবে।
সিগারেটের দামে বদল
ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে অনেকটাই বাড়তে পারে সিগারেট বা পান মশলার দাম। জানা গিয়েছে, এইদিন থেকে সিগারেটের উপর সরকার বেশি করে সেস বা ট্যাক্স আরোপ করতে চলেছে। আর এই সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হয়েছিল কিছুদিন আগে। ফলত যারা নিয়মিত ধূমপান করেন, তাদের পকেটে যে বাড়তি চাপ পড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে তামাক ও পান মশলা জাতীয় দ্রব্যে জিএসটি অনেকটাই বাড়ানো হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত শুল্কও চাপানো হচ্ছে এই সমস্ত পণ্যের উপর।
আরও পড়ুন: সর্বকালের রেকর্ড ছুঁল সোনার দাম, রুপো ৪ লক্ষের গণ্ডি পার
সিএনজি, পিএনজি, এটিএফ-র দাম পরিবর্তন
এলপিজি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি প্রতিমাসের প্রথম দিন বিমানে ব্যবহৃত এটিএফ এর দাম পরিবর্তন হয়। সেই মতো ১ ফেব্রুয়ারিতেও বদলে যেতে পারে এই জ্বালানির দাম। আর যদি তেলের দাম কমে, তাহলে বিমান ভাড়া অনেকটাই কমবে, যাতে আমজনতা উপকৃত হবে। তবে তেলের দাম বাড়লে আবার বিমান ভাড়া বাড়তে পারে। তাই এই দিকে নজর থাকবে সকলের।