বিক্রম ব্যানার্জী, কলকাতা: জট কেটেছিল আগেই। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাঁধে চেপে শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। এবার তারই চূড়ান্ত সূচি প্রকাশ করল AIFF (ISL 2026 Schedule)। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী 14 ফেব্রুয়ারি, ভালবাসা দিবসের দিন ঢাকে কাঠি পড়বে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের। নিয়ম মেনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান এবং দক্ষিণী দল কেরালা ব্লাস্টার্স। তবে যে কথা না বললেই নয়, ইস্টবেঙ্গল এবং মহামেডান তাদের হোম ম্যাচ খেলবে কিশোর ভারতী স্টেডিয়ামে। মোহনবাগান শহরের একমাত্র দল হিসেবে তাদের প্রতিটি হোম ম্যাচ যুবভারতীতে খেলার সিদ্ধান্ত নিয়েছে।
কবে কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল?
বিনিয়োগকারী সংস্থা ইমামির সাথে দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত কিশোরভারতীতেই ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। 12 হাজার দর্শক আসন বিশিষ্ট এই মাঠে আগামী 16 ফেব্রুয়ারি নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করবে লাল হলুদ। এই ম্যাচ গড়াবে সন্ধ্যা সাড়ে সাতটায়। এরপর স্পোর্টিং ক্লাব দিল্লির বিপক্ষে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে আগামী 21 ফেব্রুয়ারি কিশোরভারতীতেই। এই ম্যাচটি শুরু হবে বিকেল 5টা থেকে। তৃতীয় ম্যাচ 27 ফেব্রুয়ারি জামশেদপুর এফসির বিরুদ্ধে। এই ম্যাচও কিশোরভারতীতেই খেলবে লাল হলুদ।
টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের চতুর্থ ম্যাচ রয়েছে 5 মার্চ। এদিন কিশোরভারতী স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে লাল হলুদ। 14 মার্চ কেরালা ব্লাস্টার্স, 21 মার্চ মহামেডান, 11 এপ্রিল চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলবে মশাল ব্রিগেড। এই ম্যাচগুলি বিকেল পাঁচটা থেকেই শুরু হবে। এছাড়াও 16 এপ্রিল ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি, 24 এপ্রিল ইস্টবেঙ্গলের সাথে খেলবে পাঞ্জাব এবং 28 এপ্রিল ওড়িশার বিরুদ্ধে মাঠে নামবে লাল হলুদ। এই তিন ম্যাচ গড়াবে সাড়ে সাতটা থেকে। এরপর 3 মে মোহনবাগানের বিরুদ্ধে যুবভারতীতে কলকাতা ডার্বি খেলবে ইস্টবেঙ্গল। এই ম্যাচ শুরু হবে সাড়ে সাতটা থেকে। এছাড়াও 8 মে এবং 17 মে যথাক্রমে মুম্বই এবং ইন্টার কাশির বিরুদ্ধে খেলার কথা রয়েছে লাল হলুদের।
মোহনবাগানের ম্যাচ কবে কবে?
14 ফেব্রুয়ারি প্রথম দিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যুবভারতীতে বিকেল পাঁচটা থেকে শুরু হবে মোহনবাগানের ম্যাচ। এরপর 23 ফেব্রুয়ারি মোহনবাগান খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। 28 ফেব্রুয়ারি মোহনবাগানের ম্যাচ রয়েছে মহামেডানের সাথে। এরপর 6 মার্চ ওড়িশা এফসি, 14 মার্চ বেঙ্গালুরু এফসি, 20 মার্চ মুম্বই সিটি এফসি, 4 এপ্রিল জামশেদপুর এফসি, 12 এপ্রিল পাঞ্জাব এফসি, 19 এপ্রিল নর্থ ইস্ট ইউনাইটেড এবং 26 এপ্রিল ইন্টার কাশির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। এই ম্যাচগুলি শেষ করে 3 মে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বি খেলে 9 মে এফসি গোয়া এবং 17 মে স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হবে সবুজ মেরুন।
অবশ্যই পড়ুন: বুমরাহর পর অসুস্থ টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার, বাদ পড়বে বিশ্বকাপ থেকে?
প্রসঙ্গত, আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে আগামী 15 ফেব্রুয়ারি জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে শহরের অন্যতম ঐতিহ্যবাহী দল মহামেডান এফসি। এরপর 20 ফেব্রুয়ারি এফসি গোয়ার বিরুদ্ধে খেলার কথা রয়েছে তাদের। 20 তারিখের পর থেকে 17 মে পর্যন্ত 11টি ম্যাচ খেলবে কলকাতার এই পুরনো দলটি। শেষ ম্যাচে মহামেডানের মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড। এই ম্যাচ গুয়াহাটিতে অনুষ্ঠিত হলেও ম্যাচের সময় এখনও নির্ধারিত হয়নি।