প্রীতি পোদ্দার, কলকাতা: ফাল্গুন মাস শেষ হতে আর বাকি মাত্র কয়েকদিন, কিন্তু রাজ্য জুড়ে বসন্তের মেজাজ মোটেও টের পাওয়া যাচ্ছে না। বৃষ্টি দুর্যোগের মাঝেই ভ্যাপসা গরম বেড়েই চলেছে। একের পর এক ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর (North Bengal) এবং দক্ষিণবঙ্গে (South Bengal)হচ্ছে বৃষ্টি। তবে স্বস্তির বিষয় হল মার্চ মাসে যে ব্যাপক গরমের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস, সেই সম্ভাবনা নেই। এদিকে চলতি সপ্তাহের রবি-সোম ও মঙ্গলে বৃষ্টির পূর্বাভাস (Weather Tomorrow) রয়েছে দক্ষিণবঙ্গে।
এইমুহুর্তে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার জেরেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম রয়েই গিয়েছে। অতিরিক্ত আর্দ্রতার কারণে কপাল থেকে ঘাম পড়েই যাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হতে চলেছে দিন রাত। তবে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেড়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বেশ কয়েকটি জেলায় মাঝেমধ্যে হালকা বৃষ্টি হলেও হতে পারে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। যদিও আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের অস্বস্তি বজায় থাকতে পারে। যদিও রবিবার থেকে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বাড়ছে ঋণের বোঝা, আর্থিক স্বাস্থ্যে বিহার-ইউপির পিছনে বাংলা! শেষ তিনে পশ্চিমবঙ্গ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির আমেজ থাকলেও উত্তরবঙ্গে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টি হয়েই চলেছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি অঞ্চলে আবহাওয়ার প্রভাব আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানেও আগামী ৭ দিন আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা যাবে না। তবে বৃষ্টি দুর্যোগ কাটলেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।