প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা বসন্তে গরম এবং বর্ষার মেজাজ অনুভব করছে রাজ্যবাসী। ঘূর্ণাবর্তের জেরে রবি থেকেই দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে শুরু করে উত্তরবঙ্গে (North Bengal) সকল জায়গায় কম বেশি বৃষ্টিপাত হয়েই চলেছে। এমনকি গতকাল মরশুমের প্রথম কালবৈশাখীর প্রভাবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া হঠাৎ করেই বদলে গিয়েছে। ঝড় এবং বৃষ্টি নামতেই একধাক্কায় শহরে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে এসেছে। আশঙ্কা করা হচ্ছে চলতি সপ্তাহে (Weather Tomorrow) বজায় থাকবে দুর্যোগের আমেজ।
এইমুহুর্তে দক্ষিণ দিক থেকে প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বাতাস বাংলায় প্রবেশ করছে অনবরত, তাই এই পরিস্থিতির জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। একই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতার সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দিনভর মেঘলা আকাশ থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে তো কখনও আবার কয়েক জায়গায় রোদের দেখা মিলবে। তবে বেলা বাড়তেই মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে প্রতি ঘণ্টায় প্রায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই কদিন গরমের সেরকম কোনও তীব্রতা অনুভূত হয়নি। অন্যদিকে শুক্র থেকে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: শুটিং ফ্লোরে অশান্তি, অত্যাধিক পারিশ্রমিক! মাঝপথে বাদ অভিনেতা জীতু কমল
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে, আগামী ২৩ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং মালদা জেলায় আগামীকাল ঝড় এবং বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জানা গিয়েছে, আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।