সৌভিক মুখার্জী, কলকাতা: আজ থেকে শুরু নতুন অর্থবছর। সেই সঙ্গে দেশজুড়ে কার্যকর হচ্ছে নতুন আয়কর আইন ২০২৫ (Income Tax Act 2025)। করদাতাদের জন্য এই আইন সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ, আজ থেকে আয়ের উপর নতুন নিয়মগুলি প্রযোজ্য হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এ বছর অর্থাৎ ২০২৬ সালে আপনি যে আয়কর রিটার্ন জমা দেবেন, তা গত অর্থ বছরের পুরনো নিয়ম মারফৎ হবে। আর নতুন আইনের প্রভাব পড়বে আগামী ২০২৭ সালে জমা দেওয়া রিটার্ন থেকে। কিন্তু কী কী নিয়মে বদল আসছে আর কী কী নিয়ম মেনে চলতে হবে তা জানুন বিস্তারিত।
শেয়ার বাজারের ক্ষেত্রে কঠোর কেন্দ্র
এবার শেয়ারবাজারে ফটকা লেনদেন বা স্পেকুলেটিভ ট্রেডিং রুখার জন্য কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। লগ্নিকারীদের লোকসানের হাত থেকে বাঁচানোর জন্য ফিউচার এন্ড অপশন বা আগাম লেনদেনের উপর সিকিউরিটি ট্রানজেকশন ট্যাক্স বাড়ানো হচ্ছে। আগে এই হার ছিল ০.০২% থেকে ০.১%। তবে নতুন হার হয়েছে ০.০৫% থেকে ০.১৫%। সেবির রিপোর্ট অনুযায়ী, গত অর্থ বছরে ১ কোটি লগ্নিকারী এই ধরনের লেনদেনে প্রায় ১ লক্ষ কোটি টাকারও বেশি লোকসান করেছিলেন। আর এই নিয়মের ফলে বাজারে ফটকা লেনদেনে ইতি টানা যাবে বলে মত বিশেষজ্ঞদের।
বিদেশ ভ্রমণে বিরাট স্বস্তি
যারা বিদেশে ঘুরতে যেতে চান, তাদের জন্য রয়েছে বড় খবর। কারণ, আগের থেকে এবার সস্তায় বিদেশ ভ্রমণ হতে পারে। নতুন আইনে বিদেশ ভ্রমণের উপর আদায় করা টিসিএস হার অনেকটাই কমানো হয়েছে। জানা যাচ্ছে, এই হার ২০% থেকে কমিয়ে এবার মাত্র ২% করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে পড়াশোনা বা চিকিৎসার জন্য টাকা পাঠানোর ক্ষেত্রে করের হার ৫% থেকে কমিয়ে ২% করে দেওয়া হয়েছে।
বিদেশি সংস্থার জন্য ট্যাক্স হলিডে
দেশীয় প্রযুক্তির উন্নতি এবং পরিকাঠামোয় বিনিয়োগ টানার জন্য এবার বিদেশী সংস্থাগুলির জন্য বিরাট ঘোষণা করেছে আয়কর দফতর। যদি কোনও বিদেশী সংস্থা ভারতে নিজস্ব ডেটা সেন্টার স্থাপন করে কিংবা দেশীয় কোনও সংস্থার সঙ্গে একই খাতে চুক্তিবদ্ধ হয়ে থাকে, তাহলে তারা ২০২৭ সাল পর্যন্ত সম্পূর্ণ কর ছাড় বা ট্যাক্স হলিডের সুবিধা লাভ করতে পারবে।
আরও পড়ুন: KKR-র ভঙ্গুর বোলিং বিভাগকে দাঁড় করাতে কবে আসবেন ১৮ কোটির পেসার? বড় খবর
এদিকে সাধারণ মানুষের জন্য রয়েছে বিরাট স্বস্তির খবর। কারণ, ব্যক্তিগত আয়করের স্ল্যাব বা হারের ক্ষেত্রে সেরকম কোনও রদবদল করা হয়নি। সরকারের মূল লক্ষ্য হল কর ব্যবস্থা সরলীকরণ এবং নির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে করের বোঝা কমানো। আর্থিক বিশেষজ্ঞদের মতে, এই নতুন আইন একদিকে যেমন সাধারণ মানুষের বিদেশ ভ্রমণকে স্বস্তি দেবে, অন্যদিকে শেয়ারবাজারে ঝুঁকি নেওয়া লগ্নিকারীদের সতর্ক করবে। এখন দেখার, এই আইন ঠিক কতটা প্রভাব ফেলে সাধারণ মানুষের উপর।