“চলে যেতে পারেন” বেতন আটকে রাখার অভিযোগ তুলতেই কোচকে জানাল মহামেডান কর্তারা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজেদের দুরবস্থা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। এবারের ইন্ডিয়ান সুপার লিগে টানা সাত ম্যাচে হারতে হয়েছে শহরের এই ঐতিহ্যবাহী দলটাকে। বাজে পারফরমেন্স, তার উপর দিনের পর দিন বেতন পাচ্ছেন না ফুটবলারেরা। এমন অভিযোগ জানিয়েই, গত শুক্রবার সাদাকালোর অনুশীলনে যোগ দেননি কেউই।

এদিকে ফুটবলারদের অপেক্ষায় একা একা মাঠে দাঁড়িয়েছিলেন মহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তাঁরও অভিযোগ, তাঁকেও বকেয়া বেতন দেওয়া হচ্ছে না। কত দিনের বেতন বাকি আছে তিনি নিজেও ভুলে গিয়েছেন। আর এমন বক্তব্যের পরই, সাদাকালো ম্যানেজমেন্ট স্পষ্ট জানিয়ে দিল, তিনি যদি এমন বলে থাকেন তাহলে কোচিং করাচ্ছেন কেন? তিনি চলে যেতে পারেন।

কোচের কথায় খুশি নন মহামেডান কর্তারা

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কার্যত খেলার কথাই ছিল না মহামেডানের। আর্থিক সমস্যায় জর্জরিত ক্লাবটা যে শেষ মুহূর্তে ISL এ নামবে সেটা অনেকেই ভাবতে পারেননি। তবে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগে অংশ নিলেও কাজের কাজ কিছুই করে দেখাতে পারছে না সাদা কালো ব্রিগেড। এরই মাঝে দলের প্রধান কোচ মেহরাজ অভিযোগ করলেন, তাঁর বেতন বাকি রয়েছে। ঠিক কত মাসের বেতন তিনি পাননি সেই হিসেবটাও ভুলে গিয়েছেন।

কোচের তরফে এমন অভিযোগ পাওয়ার পরই মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তাদের তরফে জানানো হয়, “আমাদের কোচ যদি এমনটা বলে থাকেন, তাহলে তিনি এখনও কোচিং করাচ্ছেন কেন? যখন 5 মাসের বেতন বাকি ছিল ওর তো তখনই চলে যাওয়া উচিত ছিল। ও যদি ওর বেতনের হিসেব ভুলে গিয়ে থাকে আমি বলব ওর চলে যাওয়া উচিত। আমাদের তো এমনিই খারাপ অবস্থা! ওকে রেখে দিয়েও বা কী করব?”

অবশ্যই পড়ুন: PSL-এ রাহুল দ্রাবিড়ের গুণগান, হঠাৎ কী হল পাকিস্তানে?

এদিন মহামেডানের তরফে কামারউদ্দিন একেবারে খোলাখুলি জানান, “সবাইকে টাকা দেওয়া হয়েছে। তোমরাও পেয়ে যাবে। কিছু ভেবেছো বলেই তো খেলতে নেমেছো। না হলে আগেই বেরিয়ে যেতে পারতে। কেন খেলতে নামলে তাহলে? যদি ফিফায় চলে যেতে চাও যেতে পারো। আমরা আগের মরসুমের বিদেশীদের টাকা দিয়েছি, কোচরাও টাকা পেয়েছেন। আমরা এটুকু বলতে পারি, কিছুদিন একটু সমঝোতা করে নাও। যেমন আসছে তেমন দিচ্ছি। আর যদি সেটা না করতে পারো না করবে।”

Leave a Comment