বিদ্যুৎ না থাকলেও চলবে ১৫ ঘণ্টা, প্রথমবার বাজারে এল ফ্রিজের পাওয়ার ব্যাঙ্ক

অনন্যা সরকার, কলকাতা: স্মার্টফোন বা ল্যাপটপের মতো নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক্সের ব্যাটারির চার্জ বজায় রাখার জন্য আমরা চার্জারের পাশাপাশি, অনেক সময় পাওয়ার ব্যাঙ্কও (Power Bank) ব্যবহার করে থাকি। বিশেষত বাড়ির বাইরে থাকলে পাওয়ার ব্যাঙ্কগুলি খুবই কাজে আসে। তবে শুধু স্মার্টফোন, ল্যাপটপ বা ওয়াই-ফাই (Wi-Fi) রাউটারের জন্যই পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায় তাই নয়, এবার জনপ্রিয় প্রযুক্তি সংস্থা জ্যাকেরি (Jackery) বাজারে এনেছে ফ্রিজের জন্য পাওয়ার ব্যাঙ্ক, যার নাম Jackery FridgeGuard। বিদ্যুৎ চলে গেলেও এটি টানা ১৫ ঘন্টা ফ্রিজকে সচল রাখতে পারে। 

Jackery FridgeGuard-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি

এই ফ্রিজ পাওয়ার ব্যাঙ্কের অন্যতম বৈশিষ্ট্য হল এটি আকারে অত্যন্ত স্লিম, এটি মাত্র ২.৬ মিলিমিটার পুরু। পাতলা হওয়ার কারণে এটিকে ফ্রিজের ওপর এমনভাবে বসানো যায়, যাতে একে ফ্রিজেরই অংশ বলে মনে হয়। তবে ফ্রিজের উপর বসানোর জায়গা না থাকলে স্ট্যান্ডের সাহায্যে ফ্রিজের পাশেও পাওয়ার ব্যাঙ্কটিকে রাখা যায়। পাতলা হলেও বিদ্যুৎ চলে গেলে Jackery FridgeGuard ১৫ ঘন্টা পর্যন্ত ফ্রিজকে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। আর সবসময় সকেটে প্লাগ করে রাখার ফলে এটি সবসময় ব্যবহারের জন্য প্রস্তুত থাকে। দরকার পড়লে এর সাথে আরও একটি ইউনিট যুক্ত করে এর ক্ষমতা ৩০ ঘণ্টা অবধি বাড়ানো যেতে পারে। 

Jackery FridgeGuard সেটআপ করার পদ্ধতিও অত্যন্ত সহজ। পাওয়ার ব্যাঙ্কটিকে সরাসরি পাওয়ার সকেটে যুক্ত করতে হবে, তারপর ফ্রিজের প্লাগকে FridgeGuard-এর সাথে লাগাতে হবে। বিদ্যুৎ থাকাকালীন এটি চার্জ হয়, আর বিদ্যুৎ চলে গেলে এটি সঙ্গে সঙ্গে চালু হয়ে ফ্রিজকে বিদ্যুৎ সরবরাহ করতে শুরু করে।

উল্লেখযোগ্যভাবে, Jackery FridgeGuard কারেন্ট যাওয়ার ১০ মিলিসেকেন্ডের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। ফলে ফ্রিজ বন্ধ হয় না এবং ফ্রিজের সূক্ষ্ম যন্ত্রপাতিগুলির ওপরও কোনও খারাপ প্রভাব পড়ে না। FridgeGuard-এর  সব পিকচার গুলি কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। 

Jackery FridgeGuard-এর দাম

এই ফ্রিজ পাওয়ার ব্যাঙ্কটি এখনও ভারতের বাজারে আসেনি। তবে এটিকে কসকো (Costco)-এর ওয়েবসাইটে দাম সহ তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এই ডিভাইসটির দাম ৫৫৯.৯৯ ডলার (প্রায় ৪৭,০০০ টাকা)। তবে এই দামের মধ্যে ২০% উদ্বোধনী ছাড় অন্তর্ভুক্ত রয়েছে। 

 

Leave a Comment